রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। তার মাথার একপাশে আঘাত লেগে কেটে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মো. নিয়ামুল হাসান, সে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ কক্ষের সিলিং ফ্যান খুলে শিক্ষার্থীর মাথার ওপর পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে সে আহত হয়। এ ঘটনায় কক্ষে থাকা অন্য পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনায় দ্রুত একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সে আবার পরীক্ষায় অংশ নেয়।

আহতের চিকিৎসাজনিত কারণে সময় নষ্ট হওয়ায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

স্থানীয়দের দাবি, কেন্দ্রের কিছু কক্ষে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যান থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানান।

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে পুনরায় পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন