শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

খুলনায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

খুলনার খালিশপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে “আধুনিক পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে খালিশপুরস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষণে খুলনাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৫০ এর অধিক কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। এছাড়া পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা কৃষি কর্মকর্তা 
কৃষিবিদ আরিফ হোসেন। এ সময় ব্র্যাক নার্সারির জোনাল ম্যানেজার মো. জাহিদ ইব্রাহিম, নার্সারি ম্যানেজার মো. মাজহারুল ইসলাম এবং নার্সারির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লতা খামার এলাকার কৃষক খন্দকার শরিফুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণ তার জন্য অত্যন্ত উপকারী হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই প্রশিক্ষণ অবশ্যই আমার কাজে লাগবে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলন পেতে পারবো বলে আশা করছি।”

দাকোপের কুবেশ চন্দ্র রায় বলেন, “আমি নতুন করে গাছের হরমোন বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি, যা আমার কৃষিকাজে অনেক উপকারে আসবে। বিশেষ করে ফল সংগ্রহের পর যে স্প্রে করা হয়, সেটি যে কতটা কার্যকর তা এই প্রশিক্ষণের মাধ্যমে ভালোভাবে বুঝতে পেরেছি।”

খুলনা জিরো পয়েন্টের কৃষক মো. আমিনুর রহমান বলেন, “পেঁপে চাষ বিষয়ে এই ট্রেনিং আমার জন্য খুবই উপকারী হয়েছে। বিশেষ করে হরমোন ব্যবহারের বিষয়টি আমি ভালোভাবে শিখতে পেরেছি। এছাড়া হাইব্রিড জাত নিয়ে আমার আগে কিছু ভুল ধারণা ছিল, যা এখন অনেকটাই পরিষ্কার হয়েছে।”

আয়োজকরা জানান, পেঁপে চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক রাসায়নিক প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, খুলনার সিটি বাইপাস সড়কের মোস্তর মোড়ে অবস্থিত ব্র্যাক নার্সারি নিয়মিতভাবে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান ও উন্নত জাতের বীজ ও চারা বিক্রয় করে থাকে। এখানে শতভাগ জাতের নিশ্চয়তা নিশ্চিত করা হয়। পাশাপাশি কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি সংক্রান্ত পরামর্শ ও বিভিন্ন কৃষি সমস্যার কার্যকর সমাধানও প্রদান করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ