যুক্তরাজ্যে সমীক্ষা: অর্ধেকের বেশি তরুণ অস্ত্র ধরতে রাজি নয়

যুক্তরাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় দায়িত্ববোধ নিয়ে উদ্বেগজনক এক চিত্র উঠে এসেছে সাম্প্রতিক এক জনমত জরিপে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ থেকে ২৯ বছর বয়সী তরুণদের প্রায় অর্ধেকই জানিয়েছেন যে তারা কোনো পরিস্থিতিতেই যুক্তরাজ্যের হয়ে যুদ্ধে অংশ নেবেন না।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের জন স্মিথ সেন্টারের উদ্যোগে পরিচালিত ওই জরিপে ২ হাজার তরুণ-তরুণীর মতামত নেওয়া হয়। এতে দেখা যায়, উল্লেখযোগ্য অংশই দেশের হয়ে অস্ত্র হাতে নিতে আগ্রহী নয়।
জরিপ অনুযায়ী, মাত্র ৩৮ শতাংশ তরুণ নির্দিষ্ট পরিস্থিতিতে যুদ্ধে যেতে রাজি হয়েছেন। বিশ্লেষকদের মতে, এই অনীহার পেছনে রয়েছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার প্রতি তরুণদের অসন্তোষ।
জন স্মিথ সেন্টারের পরিচালক এডি বার্নস বলেন, যে রাষ্ট্র তরুণদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্রের জন্য তারা জীবন ঝুঁকিতে ফেলতে আগ্রহী হয় না। আবাসন সংকট, নিম্ন আয়, ঋণের চাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরির অনিশ্চয়তা তরুণদের মধ্যে হতাশা বাড়িয়েছে।
জরিপে আরও দেখা গেছে, তরুণদের জীবনের প্রতি আশাবাদ গত এক বছরে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যেখানে গত বছর ৬৩ শতাংশ তরুণ মনে করতেন তাদের জীবন বাবা-মায়ের তুলনায় উন্নত হবে, সেখানে এ বছর সেই হার নেমে এসেছে ৩৬ শতাংশে। একইভাবে মাত্র ২৫ শতাংশ তরুণ বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে ন্যায্য বলে মনে করেন।
অনেক অংশগ্রহণকারী জানিয়েছেন, তারা এমন একটি সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর জন্য লড়াই করতে আগ্রহী নন, যেখানে বাড়ি কেনা বা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই বৈষম্য ও অনিশ্চয়তাই তরুণদের মধ্যে জাতীয়তাবোধ ও সামরিক দায়িত্ব পালনের আগ্রহ কমিয়ে দিচ্ছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ।