বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। তবে এই সিদ্ধান্তের আওতায় পর্যটক ও শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসা অন্তর্ভুক্ত নয়।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে।
পোস্টে জানানো হয়, যেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মতে, এসব দেশের নাগরিকদের মধ্যে সরকারি সহায়তার ওপর নির্ভরশীলতার হার তুলনামূলকভাবে বেশি, যা মার্কিন করদাতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
এই সিদ্ধান্তের অংশ হিসেবে স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে ভিসা যাচাই ও স্ক্রিনিং প্রক্রিয়া আরও কঠোরভাবে পর্যালোচনা করছে। উদ্দেশ্য হলো, ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আগত অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি সুবিধা গ্রহণ করতে না পারে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ না সৃষ্টি করে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই নীতি কার্যকর হয়েছে। এর ফলে তালিকাভুক্ত ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রদান আপাতত বন্ধ থাকবে।
তালিকায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক, ভারতীয় উপমহাদেশ ও আফ্রিকার একাধিক দেশসহ বিভিন্ন দেশের নাম রয়েছে।
যুক্তরাষ্ট্র প্রশাসন জানিয়েছে, এই পদক্ষেপ অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর, নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করার অংশ হিসেবে নেওয়া হয়েছে।