হজে অংশ নেবেন ৩০ হাজার ইরানি, প্রস্তুত সৌদি আরব

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এ বছর ইরান থেকে আগত হাজিদের জন্য বিশেষ নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তাদের স্বাগত জানাতে আন্তরিকতা ও সর্বোচ্চ আতিথেয়তার প্রস্তুতির কথাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
শুক্রবার (২৪ এপ্রিল) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাজিদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় হজ পালনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই ইতোমধ্যে নেওয়া হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক প্রতিনিধি জানান, ইরানের হজ বিষয়ক প্রতিনিধিদল ইতোমধ্যেই সৌদিতে পৌঁছেছে। তাদের তথ্য অনুযায়ী, প্রথম দফায় ইরানি হাজিরা ২৫ এপ্রিল মদিনায় পৌঁছাবেন। সেখান থেকে তারা নিরাপদ ও নিশ্চিন্ত পরিবেশে মক্কায় গিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
প্রতিনিধি আরও বলেন, মসজিদ আল-হারামের অতিথিদের বরণ করে নিতে সৌদি আরব সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সর্বোচ্চ মানের সেবা দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের জন্য আবাসন, খাবার এবং স্থল, রেল ও আকাশপথে যাতায়াতের পূর্ণাঙ্গ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে ইরানি হাজিদের উষ্ণ অভ্যর্থনা জানাতে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বছর প্রায় ৩০ হাজার ইরানি হজে অংশ নেবেন বলে জানা গেছে, এবং তাদের যাত্রা শুরু হবে আগামী সপ্তাহ থেকে। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের অনুমোদনেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাসনিম নিউজ এজেন্সি ও সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, ইরানি হাজিরা সৌদি আরবে এক মাসের বেশি সময় অবস্থান করবেন, যার মধ্যে মদিনায় থাকবেন ৬ থেকে ৭ দিন। তবে তারা স্থলপথে নাকি আকাশপথে যাত্রা করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।