‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা

ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন রয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। বরং দেশটির শীর্ষ নেতৃত্ব সাম্প্রতিক বক্তব্যে জোর দিয়েছে ‘অটুট জাতীয় ঐক্য’ ও অভিন্ন অবস্থানের ওপর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানে কোনো বিভাজন নেই; সবাই একই লক্ষ্য ও আদর্শে ঐক্যবদ্ধ। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র ও জনগণের দৃঢ় সংহতি এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমেই যেকোনো বাহ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।
তার ভাষায়, দেশের স্বার্থ রক্ষায় ইরানিরা এক কাতারে রয়েছে এবং জাতীয় ঐক্যের শক্তিই তাদের বিজয়ের পথ সুগম করবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ইরান বর্তমানে অভ্যন্তরীণ অস্থিরতা ও নেতৃত্ব সংকটে ভুগছে। তবে এই মন্তব্যের পরপরই ইরানের কূটনৈতিক ও সামরিক মহল থেকে ধারাবাহিকভাবে ভিন্ন চিত্র তুলে ধরা হয়।
তেহরান সূত্রে জানা গেছে, দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সর্বোচ্চ নেতার অধীনে সমন্বিতভাবে কাজ করছে এবং আসন্ন আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগগুলোতেও তারা একক অবস্থান বজায় রাখছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান জোরালোভাবে তুলে ধরতেই ইরান এ ধরনের বার্তা দিচ্ছে, যা কূটনৈতিক কৌশলের অংশ হিসেবেও বিবেচিত হতে পারে।
সূত্র: আল-জাজিরা