শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ওমরায় যেতে বাধা: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

ওমরায় যেতে বাধা: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আটকে’ দেওয়ার অভিযোগে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা ফাতেমা বেগমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন) বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, সংবিধানের ৩৬ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী চলাফেরা ও ধর্মচর্চা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। ফাতেমা বেগম একজন ধর্মপ্রাণ বয়োজ্যেষ্ঠ নারী হিসেবে জীবনের শেষ সময়ে পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করলেও বিমানবন্দরে তাকে বাধা দেওয়া হয়।

বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিমানযাত্রা থেকে বিরত রাখে বলে রিটে অভিযোগ করা হয়।

এতে আরও বলা হয়, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা না থাকলেও তাকে বাধা দেওয়া আপিল বিভাগের পূর্বের রায়ের পরিপন্থি।

রিটে উল্লেখ করা হয়েছে, এই ঘটনায় ফাতেমা বেগম গভীর মানসিক যন্ত্রণা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত পেয়েছেন। জীবনের শেষ সময়ে এসে পবিত্র ভূমিতে যেতে না পারায় তিনি মারাত্মক মানসিক ও আধ্যাত্মিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন।

এই ঘটনাকে ‘সাংবিধানিক দায়বদ্ধতা’ সৃষ্টি করেছে উল্লেখ করে রিটে বিবাদীদের কাছ থেকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি তাৎক্ষণিক আর্থিক ও মানসিক ক্ষতি লাঘবে ১০ লাখ টাকা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিটটি শিগগিরই হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন