মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

‎ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা: ৭ জনের ফাঁসি

‎ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা: ৭ জনের ফাঁসি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

‎ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় ৭ আসামির ফাঁসি ও ২ নারীর ৭ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ৩টার দিকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালত ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। এছাড়া ৭ বছরের সাজাপ্রাপ্ত দুই নারী আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন, মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু, মো. ইউনুছ আলী এবং শামছুল হক। সাজাপ্রাপ্ত দুই নারী হলেন মোছা. খালেদা আক্তার ও মোছা. রেহেনা খাতুন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৩১ মে দিবাগত রাতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে নিখোঁজ হন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহীনুর আলম ইকবাল (১৯)। এ ঘটনায় তার বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। নিখোঁজের ৬ দিন পর অর্থাৎ ৬ জুন একটি সেপটিক ট্যাংক থেকে ইকবালের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তকালে গ্রেপ্তারকৃত আব্দুল হেলিম ও খালেদা আক্তারের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন