নারী আসনের মনোনয়ন দাখিল শেষ হচ্ছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা বিকেল পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
ইসি জানিয়েছে, জমা দেওয়া মনোনয়নপত্র আগামী ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। এই প্রক্রিয়ায় কোনো প্রার্থীর বিষয়ে আপত্তি থাকলে বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল।
এরপর ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের মধ্যে। চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন নির্ধারিত থাকতে পারে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্ধারিত সংখ্যার বেশি প্রার্থী না থাকলে অনেক আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। বিএনপি জোট তাদের ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে, অন্যদিকে জামায়াত জোটও ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
এ পর্যন্ত মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে ইসি। এর মধ্যে পাঁচজন ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ এবং নিপুন রায় চৌধুরী।