মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ডিজেল মজুত ১.২২ লাখ টন, সংকট নেই: ডা. জাহেদ উর রহমান

ডিজেল মজুত ১.২২ লাখ টন, সংকট নেই: ডা. জাহেদ উর রহমান
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে, যা বর্তমান চাহিদার তুলনায় স্থিতিশীল অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহ নিয়ে কোনো ঘাটতি নেই। তবে প্রকৃত চ্যালেঞ্জ হলো জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা এবং মানুষের মধ্যে তৈরি হওয়া অযথা আতঙ্ক। তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব বাংলাদেশসহ সব দেশেই পড়ছে, তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।

জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে। তবে সরকার চেষ্টা করছে যেন সাধারণ মানুষের ওপর এর প্রভাব কম হয়। বিশেষ করে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, গত দুই মাসে সরকার প্রায় ৭৩ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এতে কিছুটা আর্থিক চাপ তৈরি হতে পারে এবং এর প্রভাব জনগণের ওপর পড়তে পারে। তবে তিনি বলেন, পরিস্থিতি এখনো সংকটজনক পর্যায়ে পৌঁছায়নি। এই ঋণ জনগণের কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

এছাড়া রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে সরকারের নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকার আটটি স্থানে নৈশবাজার চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে ফুটপাত দখলমুক্ত হবে এবং হকারদের জীবিকাও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাংস্কৃতিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া ও ভারতের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে সমন্বয় করে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী বছর থেকে বৈশাখ মাসজুড়ে ব্যাপক সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে সরকারের।

সব মিলিয়ে জ্বালানি, অর্থনীতি, নগর ব্যবস্থাপনা ও সংস্কৃতি—সব ক্ষেত্রেই সরকার সমন্বিতভাবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন