মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চাঁদাবাজির অভিযোগ জানাতে নতুন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি’

চাঁদাবাজির অভিযোগ জানাতে নতুন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি ও বিভিন্ন সেবা বা কাজের ক্ষেত্রে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ (chandabd.com)। প্ল্যাটফর্মটির মাধ্যমে পরিচয় প্রকাশ না করেই নাগরিকরা নিজেদের অভিজ্ঞতা জানাতে পারবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, বিদেশের বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্মের ধারণা এবং ঘুসসংক্রান্ত অভিযোগ নথিবদ্ধ করার প্ল্যাটফর্ম ‘ঘুস ডট সাইট’-এর অভিজ্ঞতা থেকে ‘চাঁন্দাবিডি ডটকম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্ল্যাটফর্মটিতে অভিযোগ জানাতে গিয়ে নাগরিকদের নাম বা পরিচয় প্রকাশ বাধ্যতামূলক নয়। চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, নির্মাণকাজ, ব্যবসা পরিচালনা কিংবা কোনো সেবা পাওয়ার ক্ষেত্রে অবৈধ অর্থ দাবির মতো ঘটনার তথ্য এখানে জমা দেওয়া যাবে।

অভিযোগের সঙ্গে ঘটনার স্থান, সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ রয়েছে। এর মাধ্যমে দেশের কোন অঞ্চল বা কোন খাতে চাঁদাবাজি ও অবৈধ অর্থ দাবির অভিযোগ বেশি আসছে, সে বিষয়ে একটি প্রাথমিক চিত্র তৈরি হতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা।

তবে ওয়েবসাইটে জমা দেওয়া কোনো তথ্যকে আদালতে গ্রহণযোগ্য প্রমাণ, আইনগত তদন্তের ফলাফল কিংবা কোনো অপরাধের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা হবে না। উদ্যোক্তাদের ভাষ্য, এটি মূলত নাগরিকদের অভিজ্ঞতা সংরক্ষণের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।

অভিযোগ প্রকাশের আগে তথ্যগুলো মডারেশনের আওতায় আনার ব্যবস্থাও রাখা হয়েছে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং কারও ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর বা অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হবে।

কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেটিকে যাচাই করা বা প্রমাণিত অপরাধ হিসেবে উপস্থাপন করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগের তথ্য প্রকাশের ক্ষেত্রেও ব্যক্তিগত গোপনীয়তা ও দায়িত্বশীলতার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।

চাঁন্দাবিডি কর্তৃপক্ষ বলছে, কাউকে হেয় করা বা অপরাধী হিসেবে চিহ্নিত করা তাদের উদ্দেশ্য নয়। বরং নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, জনসচেতনতা বাড়ানো এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে সমস্যাগুলোর ধরন তুলে ধরাই প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন