ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের বিদ্যমান কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। আন্তর্জাতিক পরিস্থিতিতে নানা পরিবর্তন এলেও দুই দেশের পারস্পরিক সম্পর্ক দৃঢ় রয়েছে।
তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। দুই দেশ নিজ নিজ জাতীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে একে অপরকে সহযোগিতা করার পাশাপাশি উন্নয়ন ও আধুনিকায়নের পথে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখেছে।
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়ে শি জিনপিং বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ বাড়ানো এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদারে চীন কাজ করতে আগ্রহী।
নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা আরও সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
শি জিনপিং আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত হবে। এর মাধ্যমে উভয় দেশের জনগণ আরও বেশি সুফল ও কল্যাণ লাভ করবে।