দেশজুড়ে সার বিতরণ তদারকিতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম তদারকিতে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে নতুন মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ কমিটি অবিলম্বে কার্যকর হবে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। কমিটির সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
সার উত্তোলন ও বিতরণ তদারকি
প্রজ্ঞাপন অনুযায়ী, সারাদেশে সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ করবে মন্ত্রিসভা কমিটি।
পরিবীক্ষণের মাধ্যমে চিহ্নিত বিভিন্ন বিষয় ও সমস্যার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও থাকবে কমিটির। এর মাধ্যমে কৃষকদের কাছে সারের সরবরাহ নিশ্চিত করা এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে কমিটি ভূমিকা রাখবে।
কৃষি মন্ত্রণালয় নতুন এ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সার উত্তোলন ও বিতরণ ব্যবস্থার নিয়মিত নজরদারির মাধ্যমে সরবরাহব্যবস্থায় অনিয়ম ও সংকট চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।