মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঢাকার পানি ব্যবস্থার উন্নয়নে বড় সহায়তা দিচ্ছে ডেনমার্ক

ঢাকার পানি ব্যবস্থার উন্নয়নে বড় সহায়তা দিচ্ছে ডেনমার্ক
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানী ঢাকার পানি সরবরাহ ব্যবস্থা আরও উন্নত ও টেকসই করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ডেনমার্ক। এ লক্ষ্যে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর মধ্যে একটি অংশ অনুদান হিসেবে দেওয়া হবে, আর বাকি অর্থ দীর্ঘমেয়াদে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনার উন্নয়নে ডেনমার্ক সহযোগিতা করতে আগ্রহী। বিশেষ করে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ সম্পন্ন করতে দেশটি আর্থিক সহায়তা দেবে।

প্রতিমন্ত্রী জানান, প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্ক প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে প্রায় দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে পাওয়া যাবে। বাকি প্রায় ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি ও সহজ শর্তে অর্থায়নের কারণে এ সহায়তা সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করবে না। একই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় সক্ষমতা বাড়বে।

প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ হলে মেঘনা নদী থেকে দৈনিক প্রায় ৯৫ কোটি লিটার পানি সংগ্রহ ও শোধন করা সম্ভব হবে। এর মাধ্যমে রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সায়েদাবাদ পানি শোধনাগার।

বৈঠকে ঢাকার পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্কের পক্ষ থেকে ১০০ কোটি টাকা দেওয়ার বিষয়টিও জানানো হয়।

বাংলাদেশের পানি ও জনস্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন