আবারও ক্যানসারের মুখোমুখি সামিয়া, চলছে কেমোথেরাপি

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। তবে সেই লড়াই শেষ হওয়ার পর আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি। এবার তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়েছে। সামিয়ার শরীরে এবার ওভারিয়ান ক্যানসার ধরা পড়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা এবং মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া।
সামিয়া জানান, প্রায় তিন মাস আগে চিকিৎসা পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্সি শনাক্ত হয়। এরপর দ্রুত অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানান, টিউমারটি হাই-গ্রেড কার্সিনোমা। এ কারণে বর্তমানে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে।
ক্যানসারের সঙ্গে লড়াই সামিয়ার জীবনে নতুন কোনো অভিজ্ঞতা নয়। প্রায় পাঁচ বছর ধরে তিনি এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রথমবার ক্যানসার শনাক্ত হওয়ার পর তাকে কেমোথেরাপি নিতে হয়নি; ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা নিয়েছিলেন। তবে এবারের চিকিৎসা প্রক্রিয়া তার জন্য আগের তুলনায় বেশ কঠিন ও ভিন্ন।
চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যেতে পারে। বিষয়টি নিয়ে হতাশ না হয়ে বরং বাস্তবতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। নতুন পরিবর্তনকে আগেভাগেই গ্রহণ করতে নিজের চুলও নতুন করে কাটিয়েছেন তিনি।
নিজের নতুন লুকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সামিয়া লিখেছেন, ‘ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টাকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই—সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।’
ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরে সামিয়া বলেন, যারা নিজেরা এই পথ পাড়ি দিয়েছেন, তারাই এই লড়াইয়ের কঠিন দিকগুলো সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারেন। তবে কঠিন পরিস্থিতিতেও সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের অভিজ্ঞতা প্রকাশ্যে আনেন সামিয়া। সে সময় তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। পরীক্ষায় তখন চতুর্থ স্টেজের ক্যানসার ধরা পড়েছিল। প্রায় দুই বছর চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি।
ক্যানসার থেকে সুস্থ হওয়ার পর এই রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগও নেন সামিয়া। একটি ফাউন্ডেশনের মাধ্যমে ক্যানসার আক্রান্তদের সহায়তায় কাজ শুরু করেন তিনি।
এবার নতুন করে চিকিৎসার কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া। তিনি লিখেছেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগিরই আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি।’