মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

৬ অক্টোবর ঢাকায় ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ?

৬ অক্টোবর ঢাকায় ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ?
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ।

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বাংলাদেশ সফরের প্রস্তাবকে ঘিরে ইতোমধ্যে আনুষ্ঠানিক তৎপরতা শুরু হয়েছে। রোববার (২৩ আগস্ট) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসে সম্ভাব্য ম্যাচ ভেন্যু পরিদর্শন করেছে।

সিবিএফের প্রতিনিধি দল ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা ঘুরে দেখে। ভেন্যু পরিদর্শন শেষে সন্ধ্যায় তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে বৈঠক করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশ-ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে সিবিএফ। এর আগে ম্যাচের সম্ভাব্য তারিখ হিসেবে ৫ অথবা ৬ অক্টোবরের কথা আলোচনায় থাকলেও প্রতিনিধি দলের প্রস্তাবে ৬ অক্টোবরের তারিখটিই এখন বেশি গুরুত্ব পাচ্ছে।

তবে এখনো ম্যাচটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ও ব্রাজিলের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা, ভেন্যু, সূচি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় চূড়ান্ত হওয়ার পরই ম্যাচ আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকা সফরকে ঘিরে বাংলাদেশ ফুটবলে ব্যাপক আগ্রহ তৈরি হয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সুযোগ বাংলাদেশের খেলোয়াড়দের জন্য যেমন বড় অভিজ্ঞতা হতে পারে, তেমনি দেশের ফুটবলপ্রেমীদের জন্যও এটি হতে পারে স্মরণীয় এক আয়োজন।

সবকিছু চূড়ান্ত হয়ে ম্যাচটি মাঠে গড়ালে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় ফুটবল দলের খেলার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে দেশের ফুটবলপ্রেমীরা। একই সঙ্গে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দলের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের খেলা দেশের ফুটবলে নতুন আগ্রহ ও সম্ভাবনা তৈরি করতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন