স্থগিত হলো রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে তার ঠাকুরগাঁও যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।
জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতির ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের পরিকল্পনা ছিল। তবে অনিবার্য কারণে সফরটি স্থগিত হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।
রাষ্ট্রপতির সফর সামনে রেখে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের থাকার ব্যবস্থা, যানবাহন, নিরাপত্তা ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়।
এর আগে ২৪ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, ৩০ আগস্ট রাষ্ট্রপতি ঠাকুরগাঁও সফরে যাবেন এবং ৩১ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে। সফরের সময় প্রয়োজনীয় প্রশাসনিক, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল। সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা ও বিস্তারিত কর্মসূচি পরে পাঠানোর কথাও জানানো হয়।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সফর উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরেও প্রস্তুতি শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত কর্মসূচি স্থগিত হওয়ায় সেই প্রস্তুতিও আপাতত থেমে গেছে।
এর আগে ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে তিনি পরাজিত করেন।
পরদিন ২১ আগস্ট বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।