মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

বন্ধুত্বে ভেজাল চিনবেন যেভাবে, যে লক্ষণগুলো খেয়াল করবেন

বন্ধুত্বে ভেজাল চিনবেন যেভাবে, যে লক্ষণগুলো খেয়াল করবেন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বন্ধুত্ব জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি। সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, বিপদে পাশে দাঁড়ানো কিংবা ভুল পথে গেলে সতর্ক করা—এসবই প্রকৃত বন্ধুত্বের পরিচয়। তবে সবসময় হাসিমুখে কথা বলা মানুষটি যে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, তা নয়। কখনো কাছের বন্ধুর আচরণেও লুকিয়ে থাকতে পারে স্বার্থ, ঈর্ষা কিংবা অবিশ্বাসের ইঙ্গিত।

তাই বন্ধুত্বে বিশ্বাস রাখার পাশাপাশি কিছু আচরণ সম্পর্কে সচেতন থাকাও জরুরি।

সবকিছুতেই অন্ধ প্রশংসা

প্রকৃত বন্ধু আপনার ভালো কাজের প্রশংসা করবেন, আবার ভুল হলে সেটিও বুঝিয়ে বলবেন। কেউ যদি আপনার প্রতিটি সিদ্ধান্তকে ভালো বলে মেনে নেন এবং কখনো ভুল ধরিয়ে না দেন, তাহলে বিষয়টি লক্ষ্য করা দরকার। অযথা প্রশংসা অনেক সময় আন্তরিকতার বদলে অন্য কোনো উদ্দেশ্যের ইঙ্গিত হতে পারে।

আপনার ব্যক্তিগত কথা অন্যের কাছে বলে

বন্ধুত্বের কারণে মানুষ নিজের ব্যক্তিগত বিষয়, দুর্বলতা বা গোপন কথা শেয়ার করে। কিন্তু কোনো বন্ধু যদি নিয়মিত অন্যের ব্যক্তিগত তথ্য নিয়ে আলোচনা করেন, তাহলে তার কাছে নিজের গোপন কথা বলার আগে সতর্ক হওয়া ভালো। যে অন্যের গোপনীয়তা রক্ষা করেন না, তিনি আপনার ক্ষেত্রেও একই কাজ করতে পারেন।

আপনার সাফল্যে খুশি হতে পারে না

প্রকৃত বন্ধুত্বের অন্যতম পরীক্ষা হলো বন্ধুর সাফল্যে আন্তরিকভাবে আনন্দিত হওয়া। আপনি ভালো কিছু অর্জন করার পর কেউ যদি অভিনন্দন জানানোর পরিবর্তে তুলনা করেন, সাফল্যকে ছোট করে দেখেন বা আচরণে অস্বস্তি প্রকাশ করেন, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

নতুন উদ্যোগে বারবার বাধা দেয়

বন্ধু ভুল সিদ্ধান্তের ঝুঁকি সম্পর্কে সতর্ক করতেই পারেন। কিন্তু প্রতিটি নতুন পরিকল্পনায় নেতিবাচক মন্তব্য করা ভিন্ন বিষয়। কেউ যদি সবসময় বলেন, ‘তুমি পারবে না’ কিংবা ‘এটা তোমার জন্য নয়’, তাহলে তার পরামর্শের ধরনটি ভেবে দেখুন। ভালো বন্ধু আত্মবিশ্বাস নষ্ট না করে বাস্তব ঝুঁকি বুঝতে সাহায্য করেন।

প্রয়োজনের সময়ই শুধু যোগাযোগ করে

কেউ যদি নিজের প্রয়োজনে নিয়মিত আপনার কাছে আসেন, কিন্তু আপনার প্রয়োজনের সময় তাকে খুঁজে পাওয়া না যায়, তাহলে সম্পর্কের ভারসাম্য নিয়ে ভাবা দরকার। বন্ধুত্ব শুধু সুবিধা নেওয়ার সম্পর্ক নয়; এতে দুই পক্ষের যত্ন, সহযোগিতা ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন।

ব্যক্তিগত তথ্যকে পরে আপনার বিরুদ্ধে ব্যবহার করে

বন্ধুত্বের সময়ে বলা ব্যক্তিগত কথা পরবর্তী সময়ে তর্কে বা বিরোধে আপনার বিরুদ্ধে ব্যবহার করা সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। আপনার দুর্বলতা বা গোপনীয় বিষয় নিয়ে কেউ যদি আপনাকে চাপ দেওয়ার চেষ্টা করেন, তাহলে তার সঙ্গে ব্যক্তিগত তথ্য ভাগ করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত।

আপনার অবস্থান বদলালে আচরণও বদলে যায়

আপনি যখন পিছিয়ে ছিলেন, তখন কেউ পাশে ছিলেন; কিন্তু আপনি এগিয়ে যাওয়ার পর তার আচরণ বদলে গেল—এমন পরিবর্তনও লক্ষ করার মতো। প্রকৃত বন্ধু আপনার উন্নতিকে নিজের ব্যর্থতা হিসেবে দেখবেন না। বরং আপনার অর্জনে উৎসাহ দেবেন।

একটি লক্ষণ দেখেই সিদ্ধান্ত নয়

তবে কোনো একটি আচরণ দেখেই কাউকে ‘ভুয়া বন্ধু’ বলে চিহ্নিত করা ঠিক নয়। মানুষের আচরণের পেছনে ব্যক্তিগত সমস্যা, ভুল বোঝাবুঝি বা সাময়িক পরিস্থিতিও থাকতে পারে। তাই দীর্ঘ সময় ধরে তার কথা, কাজ ও আচরণের মধ্যে সামঞ্জস্য আছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

প্রকৃত বন্ধুত্বে থাকে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, সহযোগিতা ও আন্তরিকতা। তাই শুধু মিষ্টি কথায় নয়, একজন মানুষের আচরণ ও কাজে তার অবস্থান বোঝার চেষ্টা করুন। নিজের ব্যক্তিগত তথ্য, দুর্বলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সবার সঙ্গে ভাগ না করে প্রয়োজন অনুযায়ী সীমারেখা বজায় রাখুন। অন্যকে বিশ্বাস করার পাশাপাশি নিজের বিচারবুদ্ধির ওপরও আস্থা রাখুন।


সূত্র: ভেরিওয়ে মাইন্ড, ইন্ডিয়া টুডে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন