মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ অন্যায়ভাবে আটক থাকবে না: শামা ওবায়েদ

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ অন্যায়ভাবে আটক থাকবে না: শামা ওবায়েদ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে কাউকে হয়রানি বা অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হবে না। বিরোধী দল, আওয়ামী লীগ কিংবা অন্য যেকোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর ক্ষেত্রেই সরকার মানবাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচারপূর্ব আটক না রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনে বিএনপি সরকারের সংস্কারের প্রতিশ্রুতির বিষয়টিও তুলে ধরা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, দেশের ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি। এসব ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগীদের মধ্যে বিএনপি এবং দলটির নেতাকর্মীরা রয়েছেন।

তিনি বলেন, ‘আমরা কখনোই চাইব না, বর্তমানে কিংবা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমল ফিরে আসুক। আমরা চাই, সবার ন্যূনতম মানবাধিকার নিশ্চিত হোক এবং প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত থাকুক।’

জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ওই সময়ের হত্যাকাণ্ড এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হয়েছে। যারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন কিংবা গুম-খুনের নির্দেশ দিয়েছেন, তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

তবে সব মামলা যে যথাযথ ভিত্তিতে করা হয়েছে, তা নয় বলেও উল্লেখ করেন তিনি। শামা ওবায়েদ বলেন, অনেক ক্ষেত্রে ‘অতি উৎসাহী’ হয়ে মামলা করা হয়েছে। এসব মামলা আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে বলে জানানো হয়েছে।

তিনি বলেন, পর্যালোচনার পর কোনো মামলার অভিযোগের সত্যতা পাওয়া না গেলে কিংবা পর্যাপ্ত ভিত্তি না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি স্পষ্ট করেছে বলেও জানান তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষায় আন্তরিক এবং জনগণের কাছে জবাবদিহির বিষয়ে সচেতন। রাজনৈতিক মতাদর্শ বা দলীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন অন্যায়ভাবে কারাগারে বা আটক অবস্থায় না থাকেন, সরকার তা নিশ্চিত করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন