নাহলে কেস করে দেব!’ শাড়ি উপহার পেয়ে দীপার রসিকতা

বান্ধবীর কাছ থেকে শাড়ি উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্টের অনুরোধে কিছুটা অস্বস্তিতে পড়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। বিষয়টি নিয়ে মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তানজিন তিশার কাছে সাহায্যও চেয়েছেন তিনি।
সম্প্রতি এক নারী উদ্যোক্তার কাছ থেকে জামদানি শাড়ি উপহার নিয়ে আলোচনায় এসেছিলেন তানজিন তিশা। ওই শাড়িকে কেন্দ্র করে তৈরি হওয়া বিষয়টি পরে মামলায় গড়ায়। সম্প্রতি সেই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনও পেয়েছেন এই অভিনেত্রী।
তিশাকে ঘিরে ওই ঘটনার মধ্যেই এবার শাড়ি উপহারের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন দীপা খন্দকার। পুরো বিষয়টি তিনি তুলে ধরেছেন রসিকতার মাধ্যমে।
সোমবার (২৪ আগস্ট) দেওয়া পোস্টে দীপা জানান, এক বান্ধবীর কাছ থেকে শাড়ি উপহার পেয়ে প্রথমে বেশ আনন্দিত হয়েছিলেন তিনি। তবে কিছুক্ষণ পরই সেই বান্ধবী তাকে শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার অনুরোধ করেন।
শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও অনুরোধ রাখতে শাড়িটি পরে ছবি তুলে বান্ধবীকে পাঠিয়ে দেন দীপা। যাতে প্রয়োজনে তারা নিজেদের মতো করে ছবিটি ব্যবহার বা পোস্ট করতে পারেন।
এরপরও অনুরোধ থামেনি। নির্দিষ্ট একটি পেজকে ট্যাগ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকেও পোস্ট দেওয়ার অনুরোধ পান তিনি। এতেই কিছুটা বিরক্ত হয়ে বিষয়টি নিয়ে রসিকতা করে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।
পোস্টে দীপা খন্দকার লেখেন, ‘ভয় লাগে কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দেব! এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও। এই পোস্টের যুগে আমি কেন ভাই?’
এরপর তিনি প্রশ্ন তোলেন, ‘নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’
দীপার এই পোস্টে মন্তব্য করেন তানজিন তিশা। তিনি লেখেন, ‘আপু ভালো একটা কথা বলেছেন! কোনও চিন্তা করবেন না। আমি আছি লড়াই করার জন্য। আল্লাহ ভরসা।’
দুই অভিনেত্রীর এই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। উপহার, প্রচারণা এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অনুরোধ কতটা স্বাভাবিক—তা নিয়েও নানা মন্তব্য করছেন অনেকে।