মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ

চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার, সোফা কিংবা টেবিলের পেছনে আইনবহির্ভূতভাবে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী অফিসকক্ষে পতাকা প্রদর্শন করা হচ্ছে কি না, তা যাচাই করে প্রতিবেদন দিতে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে এ বিষয়ে রিট আবেদন করেন আইনজীবী শরিফ সরকার। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী।

শুনানি শেষে আদালত জানতে চান, সরকারি কর্মকর্তারা চেয়ার বা টেবিলের পেছনে যে ধরনের জাতীয় পতাকা প্রদর্শন করছেন, তা কেন বেআইনি ঘোষণা করা হবে না। পাশাপাশি সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার বা সোফার পাশে আইনবহির্ভূতভাবে জাতীয় পতাকা প্রদর্শন থেকে বিরত রাখতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেওয়া হয়।

রিটকারীর আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের চেয়ার বা টেবিলের পেছনে জাতীয় পতাকা প্রদর্শনের প্রবণতা দেখা যাচ্ছে। অথচ জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২-এ এভাবে পতাকা প্রদর্শনের কোনো বিধান নেই।

তিনি বলেন, বিধিমালায় নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের দপ্তর, বাসভবন ও গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের বিধান রয়েছে। তবে সরকারি দপ্তরের কর্মকর্তাদের চেয়ারের পেছনে সবসময় পতাকা রেখে দেওয়ার বিষয়টি আইনে অনুমোদিত নয়।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, কোনো ভবনে জাতীয় পতাকা প্রদর্শন করা হলে তা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শনের নিয়ম রয়েছে। পাশাপাশি পতাকা যথাযথভাবে উত্তোলন করে মুক্তভাবে ওড়ার অবস্থায় রাখতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে চেয়ার বা টেবিলের পেছনে পতাকাকে বাঁকানো বা স্থির অবস্থায় রেখে প্রদর্শন করা হচ্ছে, যা বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ বিষয়ে আদালত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইনবহির্ভূতভাবে চেয়ার বা সোফার পাশে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ দেন।

এ ছাড়া জাতীয় পতাকা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে তিন সদস্যের একটি কমিটি গঠনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে একজন জুডিশিয়াল অফিসার, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে রাখার কথা বলা হয়েছে।

কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসকক্ষে জাতীয় পতাকা কীভাবে প্রদর্শন করা হচ্ছে এবং তা সংশ্লিষ্ট বিধিমালা মেনে হচ্ছে কি না, প্রতিবেদনে এসব বিষয় উল্লেখ করতে হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন