মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মহানবী (সা.) মানবতার জন্য অনন্য আলোকবর্তিকা: রিজভী

মহানবী (সা.) মানবতার জন্য অনন্য আলোকবর্তিকা: রিজভী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিশ্বমানবতার জন্য অনন্য আলোকবর্তিকা। তার জীবন ও আদর্শ মানবজাতিকে সততা, ন্যায়, সহমর্মিতা ও উদারতার শিক্ষা দেয়।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মহানবী (সা.)-এর শুভাগমনের মাধ্যমে পৃথিবীতে রহমতের দ্বার উন্মোচিত হয়েছে। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং নবীজি (সা.)-এর দেখানো পথে চলার অনুপ্রেরণা দেয় এই পবিত্র দিন।

তিনি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মহানবী (সা.)-এর জীবন ও কর্মে যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা, উদারতা ও মানুষের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত রয়েছে, তা যুগের পর যুগ মানবজাতির জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, কৈশোর থেকেই মহানবী (সা.) মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে ছিলেন দৃঢ়। তিনি কখনো আমানতের খেয়ানত করেননি এবং মানুষের উপকার করাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখেছেন। তার চরিত্র ও আদর্শ মানুষের জন্য উত্তম জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত।

রিজভী আরও বলেন, মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য পথপ্রদর্শক। কোরআনের নির্দেশনা এবং মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে মানুষ ইহকাল ও পরকালের কল্যাণের পথে এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে মুসলমানরা মানবতা, শৃঙ্খলা, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার অনুপ্রেরণা পেতে পারেন। তার জীবন ও কর্ম মানুষের সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন গঠনের জন্য চিরন্তন শিক্ষা হয়ে থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন