১৬৯৮ কোটি টাকায় জ্বালানি তেল কিনছে সরকার

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন ডিজেল ও অকটেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনা হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই জরুরি আমদানির প্রস্তাব উত্থাপন করে।
জ্বালানি আমদানির বিস্তারিত বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী:
ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-এর কাছ থেকে ৫০ হাজার টন ডিজেল এবং ২৫ হাজার টন অকটেন কেনা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা।
আর্চার এনার্জি এলএলসি-এর কাছ থেকে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা।
ওয়াসার পরামর্শক নিয়োগ ও হেসিয়ান বস্তা ক্রয় একই বৈঠকে ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)’ প্রকল্পের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জার্মানির ফিখ্টনার জিএমবিএইচ অ্যান্ড কো.-কে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ২৪ মাসের জন্য এই চুক্তিতে ব্যয় হবে প্রায় ৯৭ কোটি টাকা।
এছাড়া, খাদ্য অধিদপ্তর কর্তৃক খাদ্যশস্য সংরক্ষণের জন্য ২১৫ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ৩ কোটি পিস নতুন হেসিয়ান বস্তা কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। মোট ৭৫টি প্যাকেজের মাধ্যমে ১৯টি প্রতিষ্ঠানের কাছ থেকে এই বস্তাগুলো সংগ্রহ করা হবে।