আইসিসির নিষেধাজ্ঞায় দুই বাংলাদেশি ক্রিকেটার

রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গের কারণে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও সারমিন সুলতানা শাস্তির মুখে পড়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে এবং প্রত্যেককে একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে। গত ২৪ মাসে এটি তাদের প্রথম অপরাধ হওয়ায় অতিরিক্ত কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
আইসিসির লেভেল-১ আচরণবিধির পৃথক দুটি ধারা লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেওয়া হয়। ম্যাচের ১৭তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু-কে আউট করার পর নাহিদা অতিরিক্ত উদযাপন করেন, যা ‘অ্যানিমেটেড সেলিব্রেশন’ হিসেবে আচরণবিধির পরিপন্থী বলে বিবেচিত হয়েছে।
অন্যদিকে ১৬তম ওভারে এলবিডব্লিউ হয়ে আউট হওয়ার পর সারমিন সুলতানা মাঠ ছাড়তে দেরি করেন এবং আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ব্যাটের দিকে ইঙ্গিত করেন, যা আম্পায়ারের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে গণ্য হয়।
এই দুই ঘটনার অভিযোগ তোলেন অনফিল্ড আম্পায়ার ইলোইজ শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার এবং চতুর্থ আম্পায়ার শাথিরা জাকির জেসি। পরে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের সামনে দুই ক্রিকেটারই অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেন, ফলে আলাদা করে কোনো শুনানির প্রয়োজন হয়নি।