খেলায় সংঘর্ষে নিহত তরুণের পাশে দাঁড়ালেন রেজিনা নাসের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের।
বুধবার (৪ঠা মার্চ) বিকেলে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, “এ ধরনের মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজন তরুণের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক।”
পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে রেজিনা নাসের নিহত তারেকের বোনের লেখাপড়ার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন। তিনি বলেন, পরিবারের শিক্ষা-সংক্রান্ত দায়িত্ব নেওয়ার মাধ্যমে অন্তত ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে সহায়তা করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন–জেলা মহিলা দলের সভানেত্রী ডা. দিলশাদ পারভীন, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, রাজনগর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার,বিএনপি নেতা কবির মিয়া,জুবের আহমেদ চৌধূরীসহ স্থানীয় নেতারা।
এ ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ আটক করেছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের জেরে ঘরগাঁও গ্রামে ছুরিকাঘাতে তারেক আহমদ নিহত হন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।