ড্রাম ট্রাকের বালির দৌরাত্ম্য, দুর্ভোগে লক্ষ্মীপুরবাসী

লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কে চলাচলকারী ড্রাম ট্রাক থেকে প্রতিনিয়ত বালি পড়ে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বালির কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীসাধারণ।
সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন একের পর এক বালুভর্তি ড্রাম ট্রাক মহাসড়ক দিয়ে চলাচল করে। ট্রাকগুলোর অনেকগুলোর ঢাকনা ঠিকভাবে বাঁধা না থাকায় কিংবা অতিরিক্ত বোঝাইয়ের কারণে চলন্ত অবস্থায় সড়কে বালি ঝরে পড়ে। এতে মোটরসাইকেল ও সাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছেন। সামান্য অসতর্কতায় পিছলে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ অভিযান দেখা গেলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না। প্রভাবশালী একটি মহলের ছত্রচ্ছায়ায় ট্রাকগুলো কোনো জবাবদিহিতা ছাড়াই সড়কে বীরদর্পে চলাচল করছে বলেও অভিযোগ রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত বোঝাই ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বালু পরিবহন সড়ক নিরাপত্তার জন্য বড় হুমকি। নিয়মিত তদারকি, ওজন নিয়ন্ত্রণ এবং ট্রাকের বডি সঠিকভাবে আবৃত রাখা বাধ্যতামূলক না করলে পরিস্থিতির উন্নতি হবে না।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও কঠোর পদক্ষেপ দাবি করেছেন সচেতন নাগরিকরা। তাদের প্রশ্ন—ড্রাম ট্রাকের বালির অত্যাচার থেকে লক্ষ্মীপুরবাসীকে রক্ষা করবে কে ?a