বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশুদের টিকা অটিজমের কারণ, এখনো বিশ্বাস করেন প্রতি ছয়জনে একজন মার্কিন Misconceptions About Vaccines and Autism Persist Among US Adults ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫২৭, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭৮ হাজার ৩০ পেরোলেই কি নারীর সন্তান ধারণের ক্ষমতা কমে যায়? ‘সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি নিয়ে প্রতিমন্ত্রী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলা, আনারকন্যা ডরিন রিমান্ডে সিঙ্গাপুরে বিমানবালার শ্লীলতাহানি, বাংলাদেশি তরুণের কারাদণ্ড গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ‘যত্ন নিতে না পারলেও প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকুন’: তারেক রহমান ‘ঢাকা দখলের হুমকি সহ্য করবে না বাংলাদেশের মানুষ’: রিজভী
  • খুলনায় স্কুটি চালিয়ে বদলে যাচ্ছে নারীদের চলার পথ

    খুলনায় স্কুটি চালিয়ে বদলে যাচ্ছে নারীদের চলার পথ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উম্মে উমামা রাত্রী: একসময় রাস্তায় স্কুটি চালিয়ে বের হলে মানুষের কৌতূহলী দৃষ্টি আর নানা বিড়ম্বনার মুখে পড়তে হতো খুলনার নার্স মেহেজাবিন আফরিনকে। কখনো অন্য চালকদের অসহযোগিতা, কখনো অযাচিত মন্তব্য—কোনো কিছুই তাঁকে থামাতে পারেনি। পাঁচ বছর ধরে স্কুটি চালিয়ে এখন কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে নিজের মতো করে যাতায়াত করছেন তিনি।

    মেহেজাবিনের মতো খুলনা শহরের অনেক নারী এখন স্কুটিকে যাতায়াতের বাহন হিসেবে বেছে নিয়েছেন। চাকরিজীবী, গৃহিণী কিংবা শিক্ষার্থী—বিভিন্ন বয়স ও পেশার নারীরা প্রতিদিন স্কুটি নিয়ে বের হচ্ছেন সড়কে। একসময় যাতায়াতের জন্য যাঁদের অন্যের ওপর নির্ভর করতে হতো, তাঁদের অনেকেই এখন নিজের পথ নিজেই বেছে নিচ্ছেন। তাঁদের কাছে স্কুটি শুধু যাতায়াতের বাহন নয়, বরং সময় বাঁচানো, স্বাচ্ছন্দ্যে চলাচল এবং আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যম।

    নার্স মেহেজাবিনের আত্মবিশ্বাসী পথচলা

    মেহেজাবিন আফরিন পাঁচ বছর ধরে স্কুটি চালাচ্ছেন। ছোটবেলা থেকেই বাইক বা স্কুটির প্রতি তাঁর আগ্রহ ছিল। ২০২১ সালে নার্স হিসেবে কর্মজীবন শুরু করার পর হাসপাতালে যাতায়াতে নানা ভোগান্তিতে পড়তে হতো তাঁকে। অটো বা রিকশার জন্য অপেক্ষা করতে গিয়ে অনেক সময় ডিউটিতে পৌঁছাতে দেরি হতো। দীর্ঘ ও ক্লান্তিকর ডিউটি শেষে বাড়ি ফেরাও ছিল কষ্টকর। এসব সমস্যা এড়াতেই স্কুটি চালানো শেখেন তিনি।

    শুরুর অভিজ্ঞতা তুলে ধরে মেহেজাবিন বলেন, প্রথমবার রাস্তায় নামার সময় কিছুটা ভয় কাজ করত। মানুষ অদ্ভুতভাবে তাকিয়ে থাকত। মনে হতো, রাস্তা দিয়ে কোনো ‘এলিয়েন’ চলছে! অনেক সময় অটো, রিকশা বা বাসচালকেরা ইচ্ছাকৃতভাবে তাঁর পাশ দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাতেন। তবে প্রতিকূলতার পাশাপাশি অনেকের কাছ থেকে উৎসাহও পেয়েছেন তিনি। সবচেয়ে বড় শক্তি ছিল বাবার সমর্থন। ট্রাফিক আইন মেনে চলা ও সতর্ক থাকার বিষয়ে বাবা সব সময় তাঁকে সহযোগিতা করেছেন।

    মেহেজাবিনের বাবা বলেন, ‘মেয়েরা আজকাল কোথাও পুরোপুরি নিরাপদ নয়। আমার মনে হয়, অন্যান্য মেয়েদেরও নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুটি চালানো শেখা উচিত। তবে অবশ্যই ট্রাফিক আইন মেনে এবং পূর্ণ সতর্কতার সঙ্গে তা চালাতে হবে।’

    গৃহিণী তানিয়ার দৈনন্দিন সঙ্গী স্কুটি

    গৃহিণী তানিয়া রহমান ছয় বছর ধরে স্কুটি চালাচ্ছেন। তাঁর এক ছেলে। সকালে স্বামী অফিসের কাজে ব্যস্ত থাকায় ছেলেকে স্কুলে আনা-নেওয়ার দায়িত্ব নিজেই সামলান তিনি। প্রতিদিন সকাল ৮টায় ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসেন। স্কুল ছুটির আগপর্যন্ত সেখানে অপেক্ষা করতে হয় না তাঁকে। নির্ধারিত সময়ে আবার স্কুটি নিয়ে গিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের ছোট-বড় নানা কাজেও তাঁর নির্ভরতার বাহন স্কুটি। এতে সময় ব্যবস্থাপনা সহজ হয়েছে।

    শুরুর দিকে পরিবার থেকে তাঁকে সাবধানে চলার পরামর্শ দেওয়া হতো। পথে নানা ভালো-মন্দ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। নারী চালক দেখে অনেক সময় অন্য চালকেরা সাইড দিতে চান না, এমনকি চাপে ফেলার চেষ্টা করেন। তাই সব সময় কম গতিতে ও সতর্কতার সঙ্গে স্কুটি চালানোর চেষ্টা করেন তানিয়া।

    তানিয়ার স্বামী বলেন, ‘প্রথম দিকে স্ত্রীকে স্কুটি চালাতে দিতে কিছুটা ভয় পেলেও এখন বিষয়টি আমাদের পরিবারের জন্য খুবই স্বাভাবিক। অন্য নারীদেরও এটি শেখা জরুরি, যাতে ছোটখাটো প্রয়োজনে তাঁদের অন্যের ওপর নির্ভর করতে না হয়।’

    বনশ্রীর জরুরি মুহূর্তের ভরসা স্কুটি

    প্রায় তিন বছর ধরে স্কুটি চালাচ্ছেন বনশ্রী কীর্ত্তনীয়া। দ্রুত ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে পৌঁছানোর তাগিদেই স্কুটি চালানো শেখেন তিনি। আগে বাস বা অটোতে যাতায়াতে বেশি সময় লাগত। পাশাপাশি গাদাগাদি করে চলাচলের ভোগান্তিও ছিল।

    বনশ্রী বলেন, ‘বাস বা অটোর ঝামেলা এড়িয়ে এখন নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাতে পারছি। প্রথম দিকে কিছুটা ভয় ও মানুষের কৌতূহলী দৃষ্টি থাকলেও নিজের ভেতর আত্মবিশ্বাস ছিল অটুট।’

    সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে স্কুটি চালানো শেখেন বনশ্রী। এখন তিনি নিজেও অন্য নারীদের স্কুটি চালাতে উৎসাহ দেন। তাঁর মা-ও এখন তাঁকে নিজের স্কুটি নিয়ে বের হওয়ার জন্য উৎসাহিত করেন।

    স্কুটি শুধু যাতায়াতের সময়ই বাঁচায়নি, জরুরি মুহূর্তে মায়ের পাশে দাঁড়ানোর সুযোগও করে দিয়েছে। বনশ্রী বলেন, ‘আমার বাবা নেই। মাকে নিয়ে আমার একা থাকা। আমি আনসারে চাকরি করি। একদিন অফিসে থাকাকালে মা বাসায় অসুস্থ হয়ে পড়েন। ফোনে মায়ের অসুস্থতার বিষয়টি বুঝতে পেরে আর দেরি করিনি। স্কুটি নিয়ে মাত্র ৪৫ মিনিটের মধ্যে বাসায় পৌঁছে মাকে হাসপাতালে নিয়ে যেতে পেরেছি। অথচ লোকাল বাসে করে অফিস থেকে বাসায় ফিরতে প্রায় এক ঘণ্টা সময় লাগত। আমার স্কুটি না থাকলে ওই জরুরি মুহূর্তে মায়ের কাছে দ্রুত পৌঁছানো কঠিন হতো।’

    বনশ্রীর মতে, নারীদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং পরিবারের পাশে দাঁড়াতেও স্কুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    দূরের কর্মস্থলে মুশফিকার ভরসা স্কুটি

    খুলনায় বসবাসকারী মুশফিকা মিলা আশা এনজিওর দিঘলিয়া কার্যালয়ে চাকরি করেন। বাসা থেকে কর্মস্থলের দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতের সুবিধার্থে অফিসের পরামর্শে স্কুটি চালানো শেখেন তিনি। প্রায় চার-পাঁচ মাস ধরে স্কুটি চালাচ্ছেন মুশফিকা। এখন নিজের স্কুটিতে সহজেই কর্মস্থলে যাতায়াত করছেন।

    তবে শুরুতে স্কুটি চালাতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হয়েছে তাঁকে। মুশফিকা বলেন, ‘প্রথম প্রথম যখন স্কুটি চালিয়ে যেতাম, তখন পথে কিছু বখাটে ছেলে নানা ধরনের মন্তব্য করত। পেছন থেকে শব্দ করে বলত, রেস দেবেন আপু? এভাবে অনেকবার বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছি। নানা ধরনের হয়রানিরও শিকার হয়েছি।’

    তবু এসব বাধা তাঁকে দমাতে পারেনি। মুশফিকা বলেন, ‘স্কুটি চালানো শেখার পর যাতায়াত অনেক সহজ হয়েছে। আমার মনে হয়, প্রত্যেক নারীরই স্কুটি চালানো শেখা উচিত। এতে নিজের প্রয়োজনেই সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়, অন্যের ওপর নির্ভর করতে হয় না।’

    শিক্ষার্থী তামান্নার নিত্যদিনের বাহন

    খুলনার বিএল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না এক থেকে দুই বছর ধরে স্কুটি চালাচ্ছেন। ক্লাস, পরীক্ষা, কোচিং কিংবা ব্যক্তিগত প্রয়োজনে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয় তাঁকে। আগে কলেজ বাসের জন্য অপেক্ষা করতে হতো। সেই অপেক্ষা ও যাতায়াতের ভোগান্তি এড়াতে স্কুটিকে বেছে নেন তিনি। এখন নিজের সুবিধামতো সময়ে কলেজসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারেন।

    তামান্না বলেন, ‘যেদিন আমার ক্লাস থাকে, সেদিন স্কুটি নিয়ে তাড়াতাড়ি কলেজে পৌঁছে ক্লাস করতে পারি। কিন্তু ক্লাস শেষে আগে কলেজ বাসের জন্য অপেক্ষা করতে হতো। কলেজে নতুন ভর্তি হওয়ার প্রথম বছর একদিন বাসের জন্য অপেক্ষা করছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেদিন বাসে সিট পাইনি। ছেলেদের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে যাতায়াত করতে আমার অস্বস্তি লাগে। ওই ঘটনার পর থেকেই মনে হয়েছিল, আমার একটি স্কুটি প্রয়োজন। পাশাপাশি নিজে চালানো শেখাটাও জরুরি। এরপর স্কুটি চালানো শিখি। এখন যাতায়াতের ক্ষেত্রে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি।’

    তামান্নার মতো অনেক তরুণীর কাছেও স্কুটি এখন দৈনন্দিন চলাচলের নির্ভরযোগ্য বাহন হয়ে উঠছে।

    বদলাচ্ছে পরিবারের দৃষ্টিভঙ্গি

    নারীদের স্কুটি চালানো নিয়ে একসময় অনেক পরিবারেই দ্বিধা ও উদ্বেগ ছিল। নিরাপত্তার চিন্তা, সামাজিক দৃষ্টিভঙ্গি কিংবা সড়কে বিড়ম্বনার আশঙ্কায় পরিবারের সদস্যরা সহজে তাঁদের স্কুটি চালানোর বিষয়ে সম্মতি দিতে চাইতেন না। তবে সময়ের সঙ্গে সেই ধারণায় পরিবর্তন এসেছে। পরিবারের অনেকেই এখন বুঝতে পারছেন, স্কুটি নারীদের চলাচল সহজ করার পাশাপাশি তাঁদের স্বনির্ভরতাও বাড়াচ্ছে।

    মেহেজাবিনের বাবা মেয়ের স্কুটি চালানোর পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন। তানিয়ার স্বামীও শুরুতে কিছুটা ভয় পেলেও এখন বিষয়টিকে পরিবারের স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন। বনশ্রীর ক্ষেত্রেও পরিবারের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। একসময় মায়ের উৎসাহ না থাকলেও এখন তিনিই মেয়েকে স্কুটি নিয়ে বের হতে উৎসাহ দেন।

    পরিবারের এই পরিবর্তিত মনোভাব নারীদের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যক্তিগত আগ্রহের পাশাপাশি পরিবারের সমর্থনও তাঁদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। ফলে একসময় যে স্কুটি চালানো নিয়ে পরিবারে উদ্বেগ ছিল, এখন সেটিই অনেক পরিবারের কাছে দৈনন্দিন প্রয়োজন মেটানোর স্বাভাবিক মাধ্যম হয়ে উঠছে।

    প্রশিক্ষকের চোখে নারীদের আগ্রহ

    লেডি বাইকার ট্রেনিং সেন্টার খুলনার প্রশিক্ষক এশা শেখ বলেন, খুলনায় নারীদের স্কুটি চালানো শেখার আগ্রহ দিন দিন বাড়ছে। বর্তমানে তাঁদের চলমান ব্যাচে ১২ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই শুরুতে ভীত থাকেন। কারণ, অনেক নারী আগে নিয়মিত বাইরে চলাচল করেননি কিংবা নিজেরা কোনো যানবাহন চালানোর অভ্যাসও তাঁদের নেই। তবে প্রশিক্ষণের মাধ্যমে ধীরে ধীরে ভয় কেটে যায়।

    এশা শেখ বলেন, ‘আমাদের এখানে মূলত বিভিন্ন এনজিওতে কর্মরত নারী, চাকরিজীবী এবং ছোট সন্তানদের স্কুলে আনা-নেওয়ার সুবিধার জন্য গৃহিণীরা স্কুটি চালানো শিখতে আসেন। প্রশিক্ষণার্থীদের বয়স ১১ বছর থেকে ৬০ বছরের বেশি। প্রতি মাসে গড়ে ১৫ থেকে ২৫ জন নারী প্রশিক্ষণ নেন। কোনো মাসে প্রশিক্ষণার্থীর সংখ্যা কমবেশিও হয়। এ পর্যন্ত প্রায় এক হাজার থেকে দেড় হাজার নারীকে স্কুটি চালানো শিখিয়েছি।’

    প্রশিক্ষণের ধরন সম্পর্কে তিনি বলেন, স্কুটি চালানো মূলত ভারসাম্য রক্ষার বিষয়। যাঁরা সাইকেল চালাতে পারেন, তাঁদের জন্য বিষয়টি কিছুটা সহজ হয়। তবে সাইকেল চালাতে না জানলেও স্কুটি শেখা সম্ভব। কয়েক দিনের নিয়মিত অনুশীলনেই অনেকের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। প্রশিক্ষণের সময় শুধু স্কুটি চালানো নয়, ট্রাফিক আইন সম্পর্কেও ধারণা দেওয়া হয়। কোথায় সংকেত মানতে হবে, কীভাবে সড়কে চলতে হবে এবং কোন লেনে চলাচল করতে হবে—এসব বিষয় শেখানো হয়।

    নিজের স্কুটি চালানো শেখার পেছনে বাবার অনুপ্রেরণার কথা জানিয়ে এশা বলেন, ‘আমি যখন পঞ্চম শ্রেণিতে পড়ি, তখন বাবার কাছেই বাইক চালানো শিখেছি। তিনি চেয়েছিলেন আমি যেন মানসিক ও শারীরিকভাবে আত্মবিশ্বাসী এবং শক্ত মনের মানুষ হয়ে উঠি। ছোটবেলায় খুলনায় খুব বেশি নারীকে স্কুটি চালাতে দেখতাম না। পরে অনেক নারী আমাকে স্কুটি চালাতে দেখে শেখার আগ্রহ প্রকাশ করতেন। তাঁদের অনুরোধ ও আগ্রহ থেকেই প্রশিক্ষণ দেওয়ার চিন্তা আসে।’

    ২০১৯ সালে খুলনায় লেডি বাইকার ট্রেনিং সেন্টার চালু করেন এশা। তিনি বলেন, ‘শুরুতে মনে হয়েছিল, হয়তো তেমন সাড়া পাওয়া যাবে না। কিন্তু অল্প সময়ের মধ্যেই অনেক নারী প্রশিক্ষণ নিতে আগ্রহী হন। খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকেও সহযোগিতা পেয়েছি। বর্তমানে আবু নাসের হাসপাতালের ভেতরে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে।’

    প্রশিক্ষণ দিতে গিয়ে পাওয়া অভিজ্ঞতার কথা তুলে ধরে এশা বলেন, ‘এমন অনেক নারীর দেখা পেয়েছি, যাঁদের ইচ্ছাশক্তি সত্যিই মুগ্ধ করার মতো। একবার ৬৫ বছরের বেশি বয়সী এক নারী স্কুটি চালানো শিখতে এসেছিলেন। তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। বয়সের কারণে তাঁকে শেখানো সম্ভব হবে কি না, তা নিয়ে কথা বলেছিলাম। কিন্তু তিনি বলেছিলেন, অন্য মেয়েরা যেভাবে স্কুটি চালিয়ে ঘুরে বেড়ায়, তিনিও পাখির মতো উড়তে চান। তাঁর সেই ইচ্ছা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। যদিও শেষ পর্যন্ত তাঁকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি।’

    এশা আরও বলেন, অনেক নারী নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবার, আত্মীয়স্বজন কিংবা সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে পিছিয়ে যান। শুরুতে পরিবারের বাধা থাকলেও পরে অনেকেই তাঁদের মেয়েদের স্কুটি চালানো শেখার বিষয়ে সমর্থন দেন। প্রশিক্ষণ নিতে এসে যাঁরা বলেন, ‘আপু, আমি পারব কি না জানি না’—তাঁদেরই পরে রাস্তায় আত্মবিশ্বাসের সঙ্গে স্কুটি চালাতে দেখলে ভালো লাগে। নিজের শিক্ষার্থীদের এভাবে এগিয়ে যেতে দেখা অন্যরকম অনুভূতি।

    নারীদের চলাচলের ক্ষেত্রে হয়রানির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি। এশার মতে, কোনো নারী হয়রানির শিকার হলে যেন সহজে আইনি সহায়তা ও পুলিশের সহযোগিতা পান, সেই ব্যবস্থা আরও কার্যকর করা প্রয়োজন। নারীরা যাতে নিরাপদে ও আত্মবিশ্বাসের সঙ্গে সড়কে চলাচল করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

    নারীরা চান নিজের ওপর নির্ভরশীল হতে

    খুলনার নারীদের প্রত্যাশা, নগরীর প্রতিটি নারী যেন নিজের প্রয়োজন মেটাতে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে চলাচল করতে পারেন। চাকরি, পড়াশোনা, সন্তানকে স্কুলে আনা-নেওয়া কিংবা পরিবারের জরুরি প্রয়োজনে যেন নিজেরাই যাতায়াত করতে পারেন। এ জন্য স্কুটি চালানো শেখার সুযোগের পাশাপাশি পরিবারের সহযোগিতাও প্রয়োজন। তাঁদের মতে, স্কুটি চালানো কেবল যাতায়াতের সুবিধা নয়, এটি নারীদের আত্মবিশ্বাসী ও স্বনির্ভর হয়ে ওঠার একটি মাধ্যম।

    এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, খুলনা সিটি করপোরেশন, মেয়র ও সংসদ সদস্যদের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন এলাকায় নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালু, নারী প্রশিক্ষকের সংখ্যা বাড়ানো এবং নিরাপদ সড়ক চলাচল বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের প্রয়োজন রয়েছে। এতে কর্মজীবী নারী, শিক্ষার্থী ও গৃহিণীরা সহজে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

    নারীদের দক্ষতায় সন্তুষ্ট ট্রাফিক বিভাগ

    খুলনা শহরে নারীদের স্কুটি চালানোর দক্ষতা ও ট্রাফিক আইন মেনে চলার প্রবণতার প্রশংসা করেছেন খুলনার ডিসি ট্রাফিক শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘খুলনা শহরে নারীরা অত্যন্ত দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে স্কুটি চালাচ্ছেন। চালানোর দক্ষতা কিংবা সক্ষমতার দিক থেকে তাঁরা পুরুষদের চেয়ে কোনো অংশে কম নন। বরং ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রেও নারীদের মধ্যে সচেতনতা বেশি দেখা যায়। আমার অফিসের সার্জেন্ট শীলা ও সার্জেন্ট সুবর্ণাও স্কুটি চালান। দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে আমিও তাঁদের দক্ষতা দেখেছি।’

    তিনি আরও বলেন, ‘আমি ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। প্যারিসসহ অনেক দেশে নারীদের পুরুষের পাশাপাশি সমান দক্ষতায় যানবাহন চালাতে দেখেছি। আমরাও চাই, বাংলাদেশের নারীরা সব ক্ষেত্রে এগিয়ে আসুক। কর্মক্ষেত্র, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে তাঁরা নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখুন।’

    নারী স্কুটি চালকদের জন্য আলাদা কোনো সুযোগ নেই উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, আইন সবার জন্য সমান। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে একই আইনের আওতায় দেখা হয়। সড়কে চলাচলের সময় প্রত্যেককে ট্রাফিক আইন মেনে চলতে হবে। বিশেষ করে নিজের নিরাপত্তার জন্য অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। দুর্ঘটনায় মাথার আঘাত থেকে সুরক্ষা দিতে হেলমেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    তিনি বলেন, ‘বিকেলে যখন পাঁচ-সাতজন নারী একসঙ্গে স্কুটি চালিয়ে যান, তখন একটি সুন্দর দৃশ্যের অবতারণা হয়। তবে এ সময় তাঁদের নিজেদের আত্মমর্যাদা ও সম্মানের বিষয়েও সচেতন থাকতে হবে। নারীরা এভাবেই এগিয়ে যাবেন এবং সমাজের সব ক্ষেত্রে অবদান রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। খুলনা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে স্কুটি চালানো নারীদের অভিনন্দন জানাই।’

    একসময় যে সড়কে স্কুটির হ্যান্ডেলে কোনো নারীকে দেখলে মানুষের কৌতূহলী দৃষ্টি পড়ত, সেই দৃশ্য এখন খুলনা শহরের পরিচিত চিত্র। হেলমেটের আড়ালে আত্মবিশ্বাসী মুখ আর হাতে স্কুটির হ্যান্ডেল—এভাবেই নিজেদের চলার পথ নিজেরা তৈরি করছেন খুলনার নারীরা। তাঁদের এই পথচলা শুধু ব্যক্তিগত স্বাধীনতার গল্প নয়, বরং আগামী প্রজন্মের নারীদেরও নিজের সিদ্ধান্তে এগিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন