বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশুদের টিকা অটিজমের কারণ, এখনো বিশ্বাস করেন প্রতি ছয়জনে একজন মার্কিন Misconceptions About Vaccines and Autism Persist Among US Adults ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫২৭, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭৮ হাজার ৩০ পেরোলেই কি নারীর সন্তান ধারণের ক্ষমতা কমে যায়? ‘সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি নিয়ে প্রতিমন্ত্রী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলা, আনারকন্যা ডরিন রিমান্ডে সিঙ্গাপুরে বিমানবালার শ্লীলতাহানি, বাংলাদেশি তরুণের কারাদণ্ড গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ‘যত্ন নিতে না পারলেও প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকুন’: তারেক রহমান ‘ঢাকা দখলের হুমকি সহ্য করবে না বাংলাদেশের মানুষ’: রিজভী
  • দেশে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম: প্রধানমন্ত্রী

    দেশে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম: প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পোলট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী জানান, পোলট্রি খাতের সঙ্গে বর্তমানে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তাঁদের মধ্যে ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। ইতিমধ্যে এই খাতে বিপুলসংখ্যক উদ্যোক্তাও তৈরি হয়েছেন।

    তারেক রহমান বলেন, দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশুপালন করেন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই পশুর চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের কাছে পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

    প্রাণিসম্পদ খাতের উন্নয়নের অন্যতম বাধা রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশুচিকিৎসায় ব্যবহারের জন্য ইতিমধ্যে ১৭ ধরনের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে আধুনিক টিকা উৎপাদনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

    তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির প্রাণ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ করে সেই উৎপাদনকে শিল্পে রূপ দিতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

    প্রধানমন্ত্রী বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়। তাই মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টিনিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদার ৫৬ শতাংশ বর্তমানে দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।

    তারেক রহমান জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। আর কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

    তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে। বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। খাতটির বিকাশে সরকার নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে।

    আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে দেশের স্বনির্ভরতা বাড়বে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।

    বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে জানান তিনি। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানিতেও বাংলাদেশ সক্ষম হয়েছে। এভাবে নতুন রপ্তানি বাজার খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি।

    দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করতে সরকার গুরুত্ব দিচ্ছে। এ জন্য আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    দেশের উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরে মহিষের উৎপাদন বেশি হয় উল্লেখ করে তারেক রহমান বলেন, উপকূলীয় এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।

    শহরাঞ্চলে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এগুলো অনেকের মানসিক প্রশান্তির পাশাপাশি আয়ের উৎসও হয়ে উঠেছে। তবে মানুষের অধিকারের পাশাপাশি পশুপাখির অধিকার নিশ্চিত করার বিষয়েও সচেতন থাকতে হবে।

    প্রাণীর অধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে। তাদের অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে সুরক্ষা দিতে হবে। স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখতে হবে। পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন থাকা প্রত্যেক মানুষের মানবিক দায়িত্ব।

    প্রধানমন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের উদ্দেশ্য হলো এ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা। খামারিরাই প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি। তাঁদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

    জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, তাঁদের অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি। একই সঙ্গে এটি লাখো উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    বিশ্ববাজারে দেশের প্রাণী ও প্রাণিজাত পণ্যের প্রবেশ নিশ্চিত করতে খাদ্যনিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা তাঁর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন