শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিবসহ তিনজন আটক

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন এবং আইনজীবী সুফি মো. আল মামুনকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে মারধরের পর মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তাঁদের জিজ্ঞাসাবাদ ও মারধরের দৃশ্য দেখা গেছে। একটি ভিডিওতে কেএম শাখাওয়াত মুনকে ঘিরে কয়েকজনকে প্রশ্ন করতে দেখা যায়। এ সময় কয়েকজন তাঁকে থাপ্পড় মারেন এবং কান ধরতে বলেন। পরে তিনি কান ধরেন। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
অন্য একটি ভিডিওতে চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেনকে মারধর করতে দেখা গেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাচাই-বাছাই চলছে।