মেহেদির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন সংগীতশিল্পী ন্যান্সি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি স্বামী মেহেদির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদি এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। বহু বছরের স্মৃতি ও অভিজ্ঞতার পর, আমরা এখন ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এ সময় তাঁদের নিয়ে উদ্বিগ্ন থাকা এবং ভালোবাসা দিয়ে পাশে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান ন্যান্সি। পাশাপাশি এই সময়ে তাঁদের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা দেখানোর পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন তিনি।
ন্যান্সি আরও লেখেন, ‘জীবনের পথ নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, নতুন এই অধ্যায়টিকে আমি শক্তি, মর্যাদা এবং প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’