মিরপুরে আবারও আন্দোলনের চেষ্টা, ২৩ শ্রমিক আটক

রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও আন্দোলনে নামার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় ২৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
পুলিশ জানায়, সকালে মিরপুর-১৪ ও মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকেরা নতুন করে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দিলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন কারখানায় ফিরে যান। ঘটনাস্থল থেকে আন্দোলনে অংশ নেওয়ার চেষ্টা করা ২৩ জনকে আটক করা হয়।
ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, সোমবার সকাল পর্যন্ত ২৩ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।
এর আগে রোববার মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ।
মিরপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিশেষায়িত বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।