মিরপুরে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে গতকাল রোববার মজুরি বোর্ড গঠনের খবর প্রকাশিত হয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। পুলিশ শ্রমিকদের সঙ্গেও কথা বলেছে। বোর্ড গঠনের খবর জানার পর শ্রমিকদের আন্দোলন বন্ধ হওয়ার কথা। আজ শ্রমিকদের কাউকে আন্দোলনে দেখা যায়নি। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।
শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য পুলিশ ব্যাপকভাবে মোতায়েন রয়েছে বলে জানান মহিদুল ইসলাম। তিনি বলেন, পুলিশের নিয়মিত সদস্যদের পাশাপাশি টহল দলও দায়িত্ব পালন করছে।
এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আশপাশের কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। কোথাও পরিস্থিতির অবনতি ঘটেনি। জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
গতকালের ভাঙচুর ও গ্রেপ্তারের বিষয়ে মহিদুল ইসলাম বলেন, মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযানে মিরপুর বিভাগ থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অমান্য করে যারা সড়ক অবরোধ, গাড়ি বা কারখানায় ভাঙচুর এবং সাধারণ মানুষের জানমাল কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।