মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই বড় অঙ্কের বাণিজ্যিক চুক্তির কারণে আলোচনায় এসেছে। সিনেমাটির ভারতজুড়ে পরিবেশনা স্বত্ব ৯০ কোটি রুপিতে কিনেছে দেশটির অন্যতম বড় মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান পিভিআর আইনক্স। অগ্রিম ভিত্তিতে সম্পন্ন হওয়া এই চুক্তিকে ছবিটির বাণিজ্যিক সম্ভাবনার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী টু’ ছিল শ্রদ্ধা কাপুরের সর্বশেষ সিনেমা। বক্স অফিসে ছবিটির ব্যাপক সাফল্যের পর দীর্ঘ বিরতি শেষে নতুন কাজ নিয়ে ফিরছেন তিনি। লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ইথা’ আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘ইথা’র পরিবেশনা স্বত্ব কিনতে ৯০ কোটি রুপির চুক্তি করেছে পিভিআর আইনক্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১৮ কোটি টাকা। বিশেষ করে নারীপ্রধান একটি সিনেমার জন্য এই অঙ্কের চুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। মুক্তির আগেই বড় পরিবেশক প্রতিষ্ঠানের এমন আগ্রহ ছবিটির সম্ভাব্য ব্যবসা নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। এতে শ্রদ্ধাকে দেখা গেছে একেবারেই ভিন্ন রূপে। মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ও নৃত্যধারা তামাশা এবং লাভানির কিংবদন্তি শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘ইথা’। এতে উঠে আসবে শিল্পী হিসেবে বিঠাবাইয়ের উত্থান, ব্যক্তিগত জীবনের নানা সংগ্রাম এবং লোকশিল্পের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও নিবেদন।
সিনেমায় বিঠাবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। তাঁর স্বামীর ভূমিকায় রয়েছেন রণদীপ হুদা। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত জোশিকে।
ম্যাডক ফিল্মস ও কাঠপুতলি ক্রিয়েশন্সের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘ইথা’। পরিচালনার পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন লক্ষ্মণ উতেকার। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল। লোকসংগীত, নৃত্য ও মারাঠি সংস্কৃতির নানা অনুষঙ্গ ছবিটির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।
‘স্ত্রী টু’র সাফল্যের পর শ্রদ্ধার নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই ছিল। এবার মুক্তির আগেই বড় অঙ্কের পরিবেশনা চুক্তি সেই আগ্রহ আরও বাড়িয়েছে। তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শক ও বক্স অফিসে কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।