‘প্রাপ্তবয়স্ক মানুষকে পরিবারের পরিচয়ে নয়, বিচার করা উচিত চরিত্রে’: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত ভাবনা ও নানা অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার পরিবার ও ব্যক্তির পরিচয় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন এই অভিনেত্রী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রভা লিখেছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষকে তাঁর পরিবারের পরিচয়ে নয়, বরং নিজের চরিত্র, কাজকর্ম ও মূল্যবোধের ভিত্তিতে বিচার করা উচিত।
পরিবারের বৈচিত্র্য তুলে ধরে অভিনেত্রী বলেন, প্রতিটি পরিবারেই ভিন্ন মানসিকতা ও স্বভাবের মানুষ থাকেন। কেউ শিক্ষিত, মার্জিত, দয়ালু ও উদার মানসিকতার হন। তাঁরা অপ্রয়োজনীয় তর্ক-বিতর্কের চেয়ে শান্তিকে গুরুত্ব দেন, অন্যায়ের প্রতিবাদ করেন এবং সৎপথে উপার্জন করে জীবনযাপন করেন। পরিবারের সদস্য হওয়ার কারণে কাউকে অন্ধভাবে সমর্থন করা কিংবা তোষামোদ করায় তাঁরা বিশ্বাসী নন।
প্রভা আরও উল্লেখ করেন, একই পরিবারে এসব গুণের সম্পূর্ণ বিপরীত মানসিকতার মানুষও থাকতে পারেন।
প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিজস্ব পরিচয়ের বিষয়ে তিনি লেখেন, একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁর বিচার হওয়া উচিত নিজের চরিত্র, কাজকর্ম ও মূল্যবোধ দিয়ে। পরিবারের পরিচয় দিয়ে কাউকে মূল্যায়ন করা ঠিক নয়। কারণ, একজন ব্যক্তি নিজের পরিচয়ের প্রতিনিধিত্ব করেন, পুরো পরিবারের নয়।
একসময় ছোটপর্দায় নিয়মিত অভিনয় করতেন প্রভা। তবে বর্তমানে গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল অভিনয়ে যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।