এইচএসসিতে অকৃতকার্যদের জন্য শিগগিরই ফের পরীক্ষার ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রস্তুতির জন্য সময় দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের শিগগিরই পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ ক্ষেত্রে প্রস্তুতির জন্য এক মাসের বেশি সময় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
প্রকাশিত ফল অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭, যশোরে ৪৪ দশমিক ৯২, বরিশালে ৪৪ দশমিক ৮৪, সিলেটে ৫০ দশমিক ৯০, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ এবং রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।
ফলাফলে দেখা গেছে, দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।
যেভাবে ফল জানা যাবে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী ফল প্রকাশের আনুষ্ঠানিকতা উদ্বোধনের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ফলাফল বিবরণী ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।