বাংলাদেশের শিল্পী ও সৃজনশীল অর্থনীতির বিকাশে যুক্তরাজ্যের সহযোগিতা চান শামা ওবায়েদ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে যৌথ উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান জাদুঘর পরিদর্শনকালে তিনি এ আগ্রহের কথা জানান। জাদুঘর কর্তৃপক্ষের আমন্ত্রণে এ সফরে তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল মুহিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরকালে শামা ওবায়েদ বাংলাদেশি শিল্পী সোমা সুরভী জান্নাতের ‘ক্লাইমেট, কালচার, কেয়ার’ শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখেন। যুক্তরাজ্যের কোনো জাদুঘরে বাংলাদেশে অবস্থানরত কোনো শিল্পীর এটিই প্রথম একক প্রদর্শনী বলে জানানো হয়েছে।
প্রদর্শনীতে শিল্পীর কাজের গভীরতা, ব্যাপ্তি ও সৃজনশীলতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় জাদুঘরের কিউরেটরিয়াল দলের সদস্যদের সঙ্গে নির্বাচিত সংগ্রহশালাও পরিদর্শন করেন তিনি।
পরে অ্যাশমোলিয়ান জাদুঘরের পূর্বাঞ্চলীয় শিল্পকলা বিভাগের প্রধান ও কিউরেটর ড. মালিকা কুম্বেরা ল্যান্ড্রুসের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ। বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ এবং বাংলাদেশের শিল্পীদের সহায়তার পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে যৌথ উদ্যোগের সম্ভাবনা গুরুত্ব পায়।
সরকারের মতে, এ সফর বাংলাদেশের সমকালীন শিল্পকলার আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক কূটনীতিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক জোরদারেও সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।