পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন শুরু রোববার, বাড়িভাড়া না বাড়ানোর আশ্বাস

পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রোববার থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজের বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যাতে না বাড়ে, সে বিষয়ে সরকার ও মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
বৈঠকে শ্রমিকদের প্রতিনিধির নাম মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। তিনি বলেন, শনিবার চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে তাঁদের নাম জানানো হবে।
মজুরি বোর্ড গঠনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার শ্রম ভবনে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান শ্রমসচিব।
সূত্র: বাসস