মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রি করে ১৭৫ কোটি রুপি পেল শাহরুখের ‘কিং’

শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই ব্যবসায়িক আলোচনায় উঠে এসেছে। আন্তর্জাতিক বাজারে প্রদর্শনের স্বত্ব বিক্রি করে সিনেমাটি পেয়েছে ১৭৫ কোটি রুপি। ভারতীয় সিনেমার বিদেশি প্রদর্শনস্বত্ব বিক্রির ক্ষেত্রে এটিকে রেকর্ড অঙ্ক বলে দাবি করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি প্রদর্শনস্বত্ব এককভাবে ১০০ কোটি রুপির বেশি দামে বিক্রি হয়নি। ‘কিং’-এর আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস।
শাহরুখের সাম্প্রতিক দুই বড় বাজেটের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে ‘কিং’-এর ক্ষেত্রে দায়িত্ব পেয়েছে নতুন প্রতিষ্ঠান ফার্স ফিল্মস। বিদেশি স্বত্বের জন্য প্রতিষ্ঠানটি ন্যূনতম ১৭৫ কোটি রুপি দিতে সম্মত হয়েছে।
তবে বড় অঙ্কের এই চুক্তির সঙ্গে রয়েছে বিনিয়োগ তুলে আনার চ্যালেঞ্জও। সাধারণত আন্তর্জাতিক বাজারে টিকিট বিক্রির মোট আয়ের প্রায় ৫০ শতাংশ পান পরিবেশকেরা। সেই হিসাবে বিনিয়োগের অর্থ তুলতে ‘কিং’-কে বিদেশের বাজারে প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয় করতে হবে।
এ লক্ষ্য অর্জন করতে হলে আন্তর্জাতিক বাজারে শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের কাছাকাছি যেতে হবে সিনেমাটিকে। এই দুই ছবি বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছিল। ফলে ‘কিং’ সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না, তা নিয়ে দর্শক ও চলচ্চিত্র ব্যবসায়ীদের আগ্রহ তৈরি হয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। ‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করছেন শাহরুখ।
সিনেমাটির অন্যতম আকর্ষণ হলো, প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা খানকে একসঙ্গে দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।