ভাঙচুর-সহিংসতায় বাংলাদেশ ছেড়ে ভারতে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ

পোশাক কারখানায় ভাঙচুর ও সহিংসতার কারণে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে ভারতসহ অন্য দেশে চলে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা নাজমা আক্তার। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়ছেন পোশাকশ্রমিকেরা।
সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাজমা আক্তার বলেন, শ্রমিক আন্দোলনের নামে বিভিন্ন স্থানে বহিরাগত এবং নানা কারণে বঞ্চিত ও সমস্যাগ্রস্ত ব্যক্তিরা জড়ো হয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। কোথাও কারখানা বন্ধ থাকা বা বেতন না পাওয়ার অজুহাতে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের জীবিকা ও কর্মক্ষেত্র রক্ষার স্বার্থেই শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। সংঘাতে না জড়িয়ে ন্যায্য দাবিগুলো লিখিতভাবে অথবা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে।
পোশাকশিল্পে অস্থিরতার অর্থনৈতিক প্রভাব তুলে ধরে নাজমা আক্তার বলেন, কারখানায় ভাঙচুর ও উৎপাদন বন্ধ থাকলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে গেলে শেষ পর্যন্ত কর্মসংস্থান সংকটে পড়তে হবে শ্রমিকদেরই।
শিল্পমালিকদের রাজনৈতিক সম্পৃক্ততার প্রসঙ্গে তিনি বলেন, পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন। এতে উপস্থিত ছিলেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার, নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিক নেতারা।