শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন

শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তাঁর অভিযোগ, একটি মহল শ্রমিকদের বেতন ও মজুরির দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করে গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয়। এই শিল্প দেশে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করে। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার সরকারের আমলেও শিল্পটির বিকাশ ও শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়।
তিনি বলেন, সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব নেওয়ার পর স্বল্পতম সময়ের মধ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করা হয়েছে।
গার্মেন্টস শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবিকা এবং দেশের সামগ্রিক অর্থনীতি জড়িত উল্লেখ করে মাহদী আমিন বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন মজুরি বোর্ড গঠন করেছে।
তবে মজুরি নির্ধারণের উদ্যোগের পরও একটি চিহ্নিত মহল গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের দোসরদের উসকানি ও নাশকতার মাধ্যমে শ্রমিকদের বেতনের দাবিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। কারখানায় হামলা, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ও স্থাপনায় আক্রমণের মতো ঘটনা শ্রমিকদের স্বার্থের পরিপন্থী। শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির চেষ্টার তথ্য-প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
মাহদী আমিন বলেন, কারখানা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন শ্রমিকেরা। এতে বেকারত্ব বাড়বে এবং দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, ভাঙচুর ও শিল্প ধ্বংসের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।
নাশকতায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সাধারণ শ্রমিকদের গুজব, বিভ্রান্তি ও উসকানিতে প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, গার্মেন্টস খাতের বাস্তবতা বিবেচনায় শ্রমিকদের যেকোনো যৌক্তিক অধিকার প্রতিষ্ঠায় শ্রমবান্ধব সরকার সব সময় তাঁদের পাশে থাকবে।
সূত্র : বাসস