১৭ বছর ৫ দিন বয়সে গোল, যুক্তরাষ্ট্রের নতুন রেকর্ড গড়লেন কাভান

মাত্র কয়েকদিন আগে ১৭ বছরে পা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। এরই মধ্যে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে একাধিক রেকর্ড গড়েছেন এই তরুণ। এবার দেশটির জার্সিতে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক গোল করার কীর্তি গড়লেন তিনি।
রোববার সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের ৬২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন সুলিভান। সতীর্থের বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে বল জালে পাঠান তিনি। গোলটিতে গোলরক্ষকের ভুলও ছিল।
ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার গোলটি করেন মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে। এর আগে যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ডটি ছিল তার সতীর্থ ম্যাথিস আলবার্টের দখলে। গত মঙ্গলবার চিলির বিপক্ষে ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করেছিলেন আলবার্ট। মাত্র চার দিনের ব্যবধানে সেই রেকর্ড নিজের করে নিলেন সুলিভান।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচ ১৭ বছর ২৫৩ দিন বয়সে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছিলেন।
নতুন রেকর্ড গড়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে সুলিভান বলেন, ‘এটা অনেকটা স্বপ্নের মতো। শুধু গত কয়েক দিন নয়, সারা জীবন ধরেই আমি এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। এই উদযাপনের প্রতিটি মুহূর্তই দারুণ। আমার ও আমার পরিবারের জন্য এটি বিশেষ একটি মুহূর্ত। সবচেয়ে বড় কথা হলো, দলের জন্য এটি একটি দুর্দান্ত জয়। এমন পরিবেশে এই জয় পাওয়াটা সত্যিই অসাধারণ।’
আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলের মুহূর্তের অনুভূতিও জানান ১৭ বছর বয়সী এই ফুটবলার। তিনি বলেন, ‘গোলের পর যেন সবকিছু হঠাৎ ঝাপসা হয়ে গিয়েছিল। শুধু মনে আছে, বলটাকে চিপ করেছিলাম। আশা করছিলাম, ক্রসবারে লাগবে না কিংবা ওপর দিয়ে চলে যাবে না। বল যখন আকাশে ছিল, তখন একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। এরপর সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল।’
মেক্সিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ে সুলিভান ছাড়াও গোল করেছেন ১৮ বছর বয়সী জুলিয়ান হল ও মালিক টিলম্যান।
ম্যাচ শেষে সুলিভানের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। তিনি বলেন, ‘সুলিভান একজন যোদ্ধা। এমন খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন। বল পায়ে সে অসাধারণ। বল দখলে রাখার তার দক্ষতা অবিশ্বাস্য। এমন একজন খেলোয়াড় দলে থাকা দারুণ ব্যাপার। যুক্তরাষ্ট্রের জন্য এটি অসাধারণ খবর। আশা করি, সুলিভান এভাবেই এগিয়ে যাবে এবং আরও উন্নতি করবে।’