জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ দিল্লিতে রিয়াজ হামিদুল্লাহর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
পোস্টে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদায়ী সাক্ষাতে স্বাগত জানিয়েছেন তিনি। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে হাইকমিশনারের অবদানেরও প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
রিয়াজ হামিদুল্লাহর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান জয়শঙ্কর।
রিয়াজ হামিদুল্লাহকে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে জেনেভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী নভেম্বরে দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে তার।