আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার হাফিজ উদ্দিন

১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার আরুসার উদ্দেশে রওনা হন তিনি।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে আইপিইউ সম্মেলনে অংশ নিচ্ছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ার আরুসায় ১৫৩তম আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’।
সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিলের নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্মেলন ও আনুষঙ্গিক কর্মসূচি শেষে আগামী ১১ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।