ডেঙ্গু ও হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ৩০৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে ছয়জন এবং হাম উপসর্গে তিনজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে ২ হাজার ৮৯ জন এবং হাম উপসর্গ ও নিশ্চিত হামে ১ হাজার ৩০০ জন শনাক্ত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন এবং হামবিষয়ক কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অক্টোবরের প্রথম তিন দিনে ১৭ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা গেছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৩৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮১৬ জন। এছাড়া খুলনা বিভাগে ৩৩০, চট্টগ্রামে ৩২৪, রাজশাহীতে ২২৪, বরিশালে ২০৩, ময়মনসিংহে ৯৯ এবং রংপুরে ৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত ১ হাজার ২১৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ৮২ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ হাম উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১ হাজার ৩০০ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন।
এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ ধরনের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি সময়ে নিশ্চিত হামে মৃতের সংখ্যা ১০২ জন।