২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৭৬১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে আটজন এবং ডেঙ্গুতে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৩ জন এবং ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬০৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিন ও ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২০ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।
গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৫৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৪ জন, চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৮, খুলনায় ৭৩, ময়মনসিংহে ৪৯, রংপুরে ৩৯ এবং রাজশাহী বিভাগে ২৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। এর মধ্যে ২১ হাজার ৬৬৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হাম ও ডেঙ্গু—দুই রোগ মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের।