সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মুস্তাফিজের এমন বোলিং অপ্রত্যাশিত, মোসাদ্দেককে ব্যবহার করা উচিত ছিল: সুজন পুলিশে বড় রদবদল, ডিআইজি-এসপি পদমর্যাদার ২৪ কর্মকর্তার নতুন দায়িত্ব ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা ডেঙ্গু ও হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ৩০৭ নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানোর তাগিদ জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ দিল্লিতে রিয়াজ হামিদুল্লাহর বাংলাদেশের ৯২% পণ্যে যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে: সারাহ কুক টোকিওতে বাড়ছে যৌন পর্যটনের অভিযোগ, উদ্বেগে জাপান ভার্চুয়াল যোগাযোগেই কি ভাঙছে দাম্পত্যের বিশ্বাস?
  • পারফরম্যান্সে পিছিয়ে ৩১ ক্রীড়াবিদ ক্রীড়া ভাতা থেকে বাদ, যুক্ত হচ্ছেন ৯৫ জন

    পারফরম্যান্সে পিছিয়ে ৩১ ক্রীড়াবিদ ক্রীড়া ভাতা থেকে বাদ, যুক্ত হচ্ছেন ৯৫ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পারফরম্যান্স পর্যালোচনার পর ক্রীড়া ভাতার আওতায় থাকা ৩০০ ক্রীড়াবিদের মধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে প্রায় ৯৫ জন ক্রীড়াবিদকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা কোচ ও রেফারিদেরও পর্যায়ক্রমে এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

    রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়া কার্ডধারীদের সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত আলোচনা সভার শুরুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৩০০ ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। প্রতি চার মাস পরপর তাদের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। প্রথম চার মাসের মূল্যায়নে প্রায় ৩১ জনের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় তাদের ভাতার আওতা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    তিনি বলেন, ৫০০ জনের কোটা নির্ধারণ করা হলেও এখনই পুরো তালিকা পূরণ করা হবে না। যোগ্যতার ভিত্তিতে চার মাস পরপর পর্যালোচনা করে নতুন ক্রীড়াবিদদের যুক্ত করা হবে এবং প্রয়োজন হলে বর্তমান তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে। নতুন করে প্রায় ৯৫ জন যুক্ত হলে এ পর্যায়ে ক্রীড়া ভাতার আওতায় ক্রীড়াবিদের সংখ্যা প্রায় ৪০০-তে দাঁড়াবে।

    আমিনুল হক বলেন, ক্রীড়া ভাতা দেওয়ার মূল উদ্দেশ্য খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং ক্রীড়াবিদদের পেশাদারত্ব ও দেশের প্রতি দায়বদ্ধতা আরও শক্তিশালী করা। ভাতার অর্থ কাজে লাগিয়ে অনেক ক্রীড়াবিদ ঘর নির্মাণ, ব্যবসা কিংবা পরিবারের আর্থিক স্বাবলম্বিতার উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

    চলতি অর্থবছরের বাজেটে ক্রীড়া ভাতা ও নতুন ক্রীড়া কার্যক্রমের জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্রীড়া ভাতার জন্য বছরে ৬০ কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, গত অর্থবছরে ৩০০ জনকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড এবং আরও ২৫ জনকে শুধু ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে আরও ৫০০ জনকে ক্রীড়া কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব ক্রীড়াবিদ মাসিক এক লাখ টাকা করে ক্রীড়া ভাতা পাবেন।

    তিনি বলেন, ক্রীড়া কার্ডের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত ক্রীড়াবিদদের পেশাগত অবস্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি তাদের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    ক্রীড়া কার্ডে স্বাস্থ্যসেবা, বিমা ও পরিবহনে সুবিধা

    ক্রীড়া কার্ডের মাধ্যমে ক্রীড়াবিদদের স্বাস্থ্যসেবা, বিমা এবং বিভিন্ন পরিবহনসেবায় অতিরিক্ত সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, ক্রীড়াবিদরা নিয়মিত ইনজুরির শিকার হন। বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরের অনেক ক্রীড়াবিদ আর্থিকভাবে সচ্ছল নন। ফলে নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজন হলেও অনেক সময় তা ব্যয়বহুল হয়ে পড়ে।

    ক্রীড়াবিদদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে জানিয়ে আমিনুল হক বলেন, বড় ধরনের ইনজুরি বা দুর্ঘটনার ক্ষেত্রে ক্রীড়াবিদ ও তাদের পরিবারের জন্য বিমা সুবিধা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

    এ ছাড়া ক্রীড়া কার্ডের মাধ্যমে রেল, নৌ, বিমান ও সড়ক পরিবহনে ক্রীড়াবিদদের বিভিন্ন নাগরিক সুবিধা দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

    প্রতিমন্ত্রী বলেন, দেশের হয়ে যারা খেলছেন, তাদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এসব সুযোগ-সুবিধা দিতে চায়। এর ফলে ক্রীড়াবিদদের পেশাদারত্ব বাড়ার পাশাপাশি দেশের প্রতি তাদের দায়বদ্ধতাও আরও শক্তিশালী হবে বলে আশা করেন তিনি।

    এশিয়ান গেমসে শুধু অংশগ্রহণ নয়, লক্ষ্য পদক

    আমিনুল হক বলেন, এশিয়ান গেমস বা অলিম্পিকে শুধু অংশগ্রহণ করাই সরকারের লক্ষ্য নয়। আন্তর্জাতিক আসরে পদকের জন্য লড়াই করতে পারে—এমনভাবে ক্রীড়াবিদদের প্রস্তুত করা হবে।

    এশিয়ান গেমস শেষ হওয়ার পর বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এশিয়ান গেমস, অলিম্পিক, কমনওয়েলথ গেমসসহ যেসব আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ভালো করার সম্ভাবনা রয়েছে, সেগুলো সামনে রেখে প্রশিক্ষণ দেওয়া হবে।

    তিনি বলেন, শুধু অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেতে চান না তারা। ভবিষ্যতে পদকের জন্য লড়াই করার মতো প্রস্তুতি নিয়েই ক্রীড়াবিদদের এসব আসরে পাঠানোর লক্ষ্য রয়েছে।

    প্রশিক্ষণের পাশাপাশি ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা গেলে ক্রীড়াবিদরা দেশের হয়ে আরও ভালো পারফর্ম করতে পারবেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

    পাঁচ বছর পর অলিম্পিকে পদকের লক্ষ্য

    আগামী পাঁচ বছরের মধ্যে অলিম্পিকের মতো সর্বোচ্চ ক্রীড়া আসরে শুধু অংশগ্রহণ নয়, পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান আমিনুল হক।

    তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার পরিধি বাড়িয়ে প্রতিভা খুঁজে বের করতে হবে। স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পর্যায়ের ক্লাব, উপজেলা ও জেলা পর্যায় এবং রাষ্ট্রীয় পর্যায়ের ক্লাবগুলোতে খেলাধুলাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

    প্রতিমন্ত্রীর মতে, খেলাধুলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তরুণদের মাদক ও বিভিন্ন আসক্তি থেকে দূরে রাখা এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায়ও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মননশীলতা তৈরিতেও খেলাধুলার ভূমিকা রয়েছে। আগামী এক, দুই বা তিন বছরের মধ্যে খেলাধুলাকে অন্যতম মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে।

    সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ক্রীড়াবিদদের জন্য কী কী সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী সময়ে এসব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন