গাজার পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: অ্যাঞ্জেলিনা জোলি

গাজায় ইসরায়েলের যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মার্কিন অভিনেত্রী ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত অ্যাঞ্জেলিনা জোলি। ছবিগুলো তুলে ধরে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র প্রকাশ্যে এনেছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) দেওয়া এক দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে জোলি ইসরায়েলের নাম উল্লেখ না করে বলেন, গাজার ‘পুরো পুরো এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জোলি লেখেন, “এখন গুগল আর্থ খুললেই গাজার কী পরিণতি হয়েছে, তা দেখা যাচ্ছে।” তার ভাষ্য অনুযায়ী, গাজার অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ স্যাটেলাইট ছবিতে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়।
তিনি আরও বলেন, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে এখনও বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শীত আসার আগেই গাজার মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন জোলি। একই সঙ্গে বেসামরিক মানুষের কাছে প্রয়োজনীয় মাত্রায় মানবিক সহায়তা পৌঁছানো এবং হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সূত্র: আল জাজিরা