অভিভাবকত্ব হারানোর পর নিজ মেয়েকে গুলি, পরে মায়ের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সন্তানের অভিভাবকত্ব নিয়ে আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যে চার বছরের মেয়েকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন এক নারী। হিউস্টন শহরের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম ভিভিয়ান সাভেলা। পুলিশ জানিয়েছে, তার মা ৩৫ বছর বয়সী সিবেল সাভেলা। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, ভিভিয়ানকে তার বাবা অ্যারন সাভেলার কাছে হস্তান্তরের কথা ছিল। তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই মেয়েকে গুলি করেন সিবেল। পরে নিজেকেও গুলি করেন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হিউস্টন পুলিশ বিভাগ (এইচপিডি) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় চার বছরের ভিভিয়ানকে মৃত অবস্থায় পাওয়া যায়। একই ঘটনায় গুরুতর আহত সিবেলকে হাসপাতালে নেওয়া হয়।
ব্রাজিলীয় বংশোদ্ভূত সিবেল ও অ্যারনের প্রায় চার বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালের নভেম্বরে বিচ্ছেদ হয়। এরপর তাঁদের একমাত্র সন্তান ভিভিয়ানের অভিভাবকত্ব নিয়ে আদালতে আইনি লড়াই শুরু হয়।
মঙ্গলবার পারিবারিক আদালতের বিচারক ভিভিয়ানের প্রাথমিক অভিভাবকত্ব বাবার কাছে দেওয়ার সিদ্ধান্ত দেন। একই দিন সন্ধ্যায় শিশুটিকে বাবার কাছে ফিরিয়ে দেওয়ার কথা ছিল। তবে তার আগেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
অ্যারন সাভেলার আইনজীবী শার্লট রেইনওয়াটার ঘটনাটিতে শোক প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের পারিবারিক আইন পেশাজীবনে এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি তিনি হননি। আদালতের শুনানির সময়ও কেউ এমন পরিণতির আশঙ্কা করেননি বলে জানান তিনি।
পরিবারের এক সদস্য বলেন, অ্যারন আদালতের সিদ্ধান্ত ও বিচারপ্রক্রিয়ার ওপর আস্থা রেখে আইনি প্রক্রিয়া অনুসরণ করেছিলেন। মঙ্গলবার বিচারক তাঁকে মেয়ের প্রাথমিক অভিভাবকত্ব দেওয়ার পর সেদিন সন্ধ্যায় ভিভিয়ানের বাবার কাছে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।
পরিবারের পক্ষ থেকে ভিভিয়ানকে স্মরণ করে বলা হয়েছে, চার বছরের শিশুটি তার চারপাশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিল। তার মৃত্যুতে পরিবার গভীর শোকাহত।