গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হিরন মিয়া বলেন, তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরে গাজীপুর, রাজেন্দ্রপুর ও কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকেও ইউনিট পাঠানো হয়েছে।
তিনি বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।