আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান

ফেনীর পরশুরামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দলটি সবার জন্য আইনের সমান প্রয়োগ ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার নিশ্চিত করার দাবিতে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। তার ভাষ্য অনুযায়ী, আগের সরকারের সময়ে দেশের মানুষ তাদের মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগে বাধার মুখে পড়েছিল।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশে বিএনপিকে যখন দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, বিএনপি তার সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে আইন সকলের জন্য সমান। দেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।’
তিনি আরও বলেন, অতীতে আইনের শাসন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা পরিবর্তন করে ধীরে ধীরে আইনের শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
তারেক রহমান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়ন এবং বন্ধ শিল্প-কারখানা চালুর মতো সরকারের বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ।
বক্তব্যে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি ‘রাজনৈতিক দল’ ও ‘গুপ্তদল’ শব্দ ব্যবহার করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা এবং সাম্প্রতিক সময়ে নারীদের ওপর নির্যাতনের অভিযোগের প্রসঙ্গও তোলেন তিনি।
তবে একটি ঘটনার তদন্ত চলমান থাকায় সে বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওই ঘটনায় কী ঘটেছে তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যের প্রসঙ্গ তুলে তারেক রহমান সংশ্লিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর নেতাদের উদ্দেশে নিজেদের দলের কর্মকাণ্ডের দিকেও নজর দেওয়ার আহ্বান জানান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পরশুরামের কর্মসূচি শেষে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।